সভাপতিসহ ছাত্রশিবিরের ১৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির ডাকা লাগাতার ধর্মঘট ও হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তি-ইচ্ছকু শিক্ষার্থী ও অভিভাবকদের উত্কণ্ঠার কথা চিন্তা করে লাগাতার ধর্মঘট স্থগিত করা হয়েছে। এতে আরও বলা হয়, সব ছাত্র সংগঠনের অভিভাবক হিসেবে ৫০ হাজার শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ ক্ষেত্রে সিলেটে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টকে আমলে নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পূর্বঘোষিত ছাত্র ধর্মঘট কর্মসূচিসহ ভর্তি পরীক্ষার আগের দিন ২০ মার্চ এবং ভর্তি পরীক্ষার দিন ২১ মার্চ হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
প্রশাসন ও তদন্ত কমিটি সূত্রে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ’৭১-এ হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পর দিন বিকেল পাঁচটার দিকে ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে চেতনা ’৭১-এর পাদদেশে সমাবেশের সময় ছাত্রশিবিরের ২০-২৫ জন নেতা-কর্মী রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ধাওয়া করেন। এ সময় শিবিরের নেতা-কর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটান। পরে চেতনা ’৭১-এর সামনে থাকা সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের মোটরবাইক ও দুটি বাইসাইকেলে আগুন দিয়ে শিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাস ছাড়েন। এ ঘটনায় পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান জহির বিন আলমকে আহ্বায়ক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলামকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি বিভিন্ন অনুসন্ধান, ভিডিও ফুটেজসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে শিবিরের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে তথ্যপ্রমাণ পায় এবং তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করে। গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রথমে ওই ১৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এ ছাড়া তাঁদের কেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা ১৫ কার্যদিবসের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২৭ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে শৃঙ্খলা বোর্ডের সভা আবার অনুষ্ঠিত হয়। সভায় শিবিরের নেতা-কর্মীদের নোটিশের জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তাঁদের স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়। ওই দিনই সিন্ডিকেটের ১৮৩তম সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এহসানুল করিমসহ শিবিরের ১৪ নেতা-কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে প্রথম দফায় ১২ ও ১৩ মার্চ ছাত্র ধর্মঘট ডেকেছিল শিবির। এ ছাড়া ১৫ ও ১৬ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবং ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিরতি দিয়েছিল শিবির। ১৭ মার্চের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করায় আজ মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘট এবং ভর্তি পরীক্ষার আগের দিন (২০ মার্চ) ও ভর্তি পরীক্ষার দিন (২১ মার্চ) সিলেট বিভাগে হরতালের হুমকি দিয়েছিল সংগঠনটি।