লাগাতার হরতালে খালেদাকে এগিয়ে আসতে হবে: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনভাবে চলাফেরা, কথা বলা ও সভা-সমাবেশ করার অধিকার চেয়েছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী। এই সাংবিধানিক অধিকারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে মানুষ ভিন্ন পথ অবলম্বন করতে বাধ্য হয় বলে সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি।গতকাল শনিবার সকালে লালবাগের কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে আমিনী এই হুঁশিয়ারি দেন। বিশেষ বিবাহ আইন প্রত্যাহার করাসহ কয়েকটি ধর্মীয় বিষয়ে ১৮ মে দলের গণমিছিল কর্মসূচির অনুমতি না দেওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। একই দাবিতে ২৫ মে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে আবার গণমিছিলের কর্মসূচির ঘোষণা দেন তিনি। এবার অনুমতি না দিলে ‘তৌহিদি জনতা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত’ আছে বলে তিনি দাবি করেন।এর আগে আরেক সংবাদ সম্মেলনে মুফতি আমিনী সরকার হটাতে প্রয়োজনে এক বছর হরতাল দেওয়া হবে বলে ঘোষণা দেন। ওই হরতাল কবে থেকে দেওয়া হবে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আমিনী বলেন, ‘হরতাল দিয়ে ঘরে বসে থাকব, আমরা এমন হরতাল দেব না। এর জন্য খালেদা জিয়াকে এগিয়ে আসতে হবে। আমার একা সে ক্ষমতা নেই। আমি মনে করি, লাগাতার হরতাল ছাড়া এই সরকারের পতন ঘটানো যাবে না।’আমিনী দাবি করেন, ‘দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। দুর্নীতির কালো বিড়াল এখন ধবধবে সাদা হয়ে মিউমিউ করছে। সুরঞ্জিত সেনগুপ্তের ঘুষ-দুর্নীতির প্রত্যক্ষ সাক্ষী গাড়িচালককে খুন বা গুম করা হয়েছে। একইভাবে বিএনপির নেতা ইলিয়াস আলীর ঘটনা চাপা দেওয়ার জন্য তাঁর গাড়িচালককেও গুম করা হয়েছে।’