লাগামহীন ঘোড়ার পিঠে সরকার!

‘তাঁরা যে ঘোড়ার পিঠে চড়েছেন সে ঘোড়ার লাগাম তাঁদের হাতে নেই। ঘোড়া যদি দৌড় দেয় তাহলে তাঁদের কী অবস্থা হবে?’
গতকাল শনিবার মৌলিক অধিকার সংরক্ষণ কমিটির সম্মেলনে দেশের নীতিনির্ধারকদের উদ্দেশে এ কথা বলেছেন শাটার মিস্ত্রি রুহুল আমিন। নিখোঁজ বড় ছেলে ইমাম হাসানকে খুঁজতে আড়াই বছরের কষ্ট, যন্ত্রণা আর বিব্রতকর পরিস্থিতির চিত্র তুলে ধরতে গিয়ে সরকারের উদ্দেশে এ কথা বললেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংসদ, মন্ত্রী, মানবাধিকার কমিশনসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের দ্বারে দ্বারে গিয়ে ছেলের খোঁজে ধরনা দিয়েছেন শ্রমজীবী মানুষটি। সর্বোচ্চ আদালতের আশ্রয়ও নিয়েছেন। কিছুতেই কিছু হয়নি।
সম্মেলনে রুহুল আমিন বলেন, ‘২০১২ সালের ৫ মার্চ রাজধানীর ফার্মগেট থেকে অপহৃত হন ইমাম হাসান ওরফে বাদল। অপহরণকারী পরিচয় দিয়ে একজন আমাকে ফোন করে মুক্তিপণ দাবি করেন। সঙ্গে সঙ্গে আমি বিষয়টি র্যাব-২ কে জানাই। পরদিন র্যাব থেকে ফোন করে জানানো হয়, অপহরণকারীদের আটক করা হয়েছে। এক লাখ টাকা নিয়ে আসেন। হাফ না ফুল নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে টাকা নিতে যেতে পারিনি।’
রুহুল আমিন বলতে থাকেন, ‘২০১২ সালের ১২ মার্চ র্যাব-২ অফিসে গেলে ডিউটি অফিসার এস আই সোলেমান আমাকে বলেন, আপনি তেজগাঁও থানায় গিয়ে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করে নকল নিয়ে আসেন। তেজগাঁও থানায় গেলে ওসি মাহবুবর রহমান মামলা না নিয়ে গালিগালাজ করে আমাকে বের করে দেন। তারপর শেরেবাংলা নগর থানায় যাই। তারাও মামলা নেয়নি। পরের দিন তেজগাঁও থানায় গিয়ে একটি জিডি করি। জিডির নকল নিয়ে যাই র্যাব অফিসে। এসআই রাজি ওরফে রাজু আমার কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর নেন। এরপর এক লাখ টাকা চান। পুরো টাকা না দিলে ছেলেকে সন্ত্রাসীদের সঙ্গে হত্যা করার হুমকি দেন। আমি কান্নাকাটি শুরু করি এবং ৪০ হাজার টাকা দিই। টাকার কথা কাউকে না জানানোর হুমকি দেন তিনি। কিন্তু এরপর শুরু করেন টালবাহানা।’
রুহুল আমিন বলেন, ‘নিরুপায় হয়ে আমি পঞ্চগড়ের আওয়ামী লীগের সাংসদ নুরুল ইসলামের কাছে যাই। তাঁর সুপারিশ নিয়ে আইন প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সরকারের অনেকের সঙ্গে দেখা করি। র্যাব বিষয়ে তাঁদের কিছু করার নেই বলে এড়িয়ে যান তাঁরা। বুঝলাম, র্যাবের কথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তর, মানবাধিকার কমিশনসহ বিভিন্ন দপ্তরে যাই। কিন্তু ছেলেকে পাইনি।’
দীর্ঘ বক্তব্যের জন্য অনুষ্ঠানের সঞ্চালক একাধিকবার তাঁকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বলেন, ‘আমাকে সব কথা বলতে দিতে হবে।’
ছেলে ইমাম হাসান আড়াই বছর ধরে নিখোঁজ। ছোট ছেলে হোসেন বিনা চিকিৎসায় পঙ্গু। আর জীবননাশের হুমকির ভয়ে অনেকটাই ফেরারি রুহুল আমিন।
রুহুল আমিনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আজাদ প্রথম আলোকে জানান, ওই সময় এ নামে কাউকে উদ্ধার করার কোনো রেকর্ড তাঁদের কাছে নেই। এ ছাড়া রাজি নামে কোনো কর্মকর্তাও সে সময় ছিলেন না।