লাগেজ নিয়ে হয়রানি ইউনাইটেডকে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ নিয়ে যাত্রী হয়রানির অভিযোগে ইউনাইটেড এয়ারওয়েজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নির্বাহী হাকিম মুহাম্মদ ইউসুফ এ জরিমানা করেন।
ঘটনা সম্পর্কে ভুক্তভোগী যাত্রী ও বিমানবন্দর সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. শাহজাহান সৌদি আরব থেকে গত শুক্রবার ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে সপরিবারে দেশে ফেরেন। কিন্তু তাঁর আটটি লাগেজের মধ্যে পাঁচটি পান। বাকি তিনটি লাগেজ না পেয়ে তিনি ইউনাইটেডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তখন তাঁকে বলা হয়, তিনটি লাগেজ এসে পৌঁছায়নি (লাগেজ লেফট বিহাইন্ড)। পরে পৌঁছালে তাঁকে ফোন করে জানানো হবে। এরপর রোববার শাহজাহানকে ফোন করে তাঁর লাগেজগুলো নিয়ে যেতে বলা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে মাইক্রোবাস ভাড়া করে গতকাল বিমানবন্দরে আসার পর তাঁকে দুটি লাগেজ দেওয়া হয়। বলা হয়, একটি লাগেজ আসেনি। এলে তাঁকে আবার ফোন করা হবে।
এ নিয়ে শাহজাহানের ইউনাইটেডের সংশ্লিষ্ট কর্মকর্তার বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিমানবন্দরে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফের দৃষ্টিগোচর হয় বিষয়টি। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং দণ্ড দেন।