
রেলওয়ের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় দিনাজপুরের পার্বতীপুর জংশন স্টেশনে স্বাধীনতার ৪৫ বছর পরও আধুনিকতার ছোঁয়া লাগেনি। এ কারণে যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৩ হাজার ৯৪২ বর্গফুট আয়তনের জংশনটি স্থাপিত হয় ১৮৭৯ সালে। আন্তনগর ট্রেনসহ প্রতিদিন ৫২টি যাত্রীবাহী ট্রেন ঢাকা, চিলাহাটি, পঞ্চগড়, খুলনা, রাজশাহী, রংপুর, লালমনিরহাট, বুড়িমারী, বগুড়া ও সান্তাহার এবং কাউনিয়া কুড়িগ্রাম হয়ে চিলমারী (রমনা বাজার) যাতায়াত করত। প্রতিবছর স্টেশনটি থেকে প্রায় ৪০ লাখ যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তবে এর মধ্যে ইঞ্জিন, বগি ও জনবলসংকটের কারণে ২৪টি ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলো হলো বিরল-পার্বতীপুর ও বগুড়ার মধ্যে নিয়মিত যাতায়াতকারী রামসাগর এক্সপ্রেস, পার্বতীপুর-রাজবাড়ী-গোয়ালন্দের মধ্যে চলাচলকারী গোয়ালন্দ লোকাল ট্রেন, পার্বতীপুর-দিনাজপুর ও পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী দুটি লোকাল ট্রেন।
ব্রডগেজ, মিটারগেজ ও ডুয়েলগেজ রেললাইন মিলে জংশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে। প্ল্যাটফর্মগুলো নিচু এবং খানাখন্দের কারণে যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে দুর্ভোগে পড়তে হয়। তবে সম্প্রতি প্ল্যাটফর্মের কিছু স্থানে সংস্কার করা হয়েছে। ডেমু ট্রেনের যাত্রীদের ওঠানামার জন্য ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের কিছু অংশ উঁচু করা হয়েছে। কিন্তু উঁচু করা অংশে যাত্রীছাউনি নেই।
পার্বতীপুর শহরের বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের কোনোটিতে পর্যাপ্ত যাত্রীছাউনি নেই। জংশনের একমাত্র পদচারী-সেতুটিরও ছাউনি নেই। প্ল্যাটফর্মগুলোতে পানীয় জলের সুব্যবস্থা না থাকায় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। জংশনের বিভিন্ন ভবনের অবস্থাও নাজুক।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একজন কর্মচারী বলেন, স্টেশনমাস্টার, টিকিট কাউন্টার ও যাত্রীদের বিশ্রামাগারসহ বিভিন্ন কক্ষের দেয়ালের পলেস্তারা খসে পড়ে, ছাদ চুইয়ে পানি পড়ে। এ কারণে বছর তিনেক আগে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পুরোনো ভবনের ছাদ ভেঙে নতুন করে ঢালাই করা হয়। কিন্তু বৃষ্টি হলে এখনো ছাদ চুইয়ে পানি পড়ে।
স্টেশন এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এত বড় একটি জংশনে অনুসন্ধান বা তথ্যকেন্দ্র নেই। প্রয়োজনীয় বাতির অভাবে সন্ধ্যার পর অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে দক্ষিণ ইয়ার্ড এলাকা। এ কারণে মাদকসেবী, ছিনতাইকারী ও ভাসমান যৌনকর্মীদের দখলে চলে যায় পুরো এলাকা। সীমানাপ্রাচীর না থাকায় ছিনতাইকারীরা নির্বিঘ্নে পালিয়ে যায়।
স্টেশনটির বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ। ছিন্নমূল অনেক মানুষ প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় বসতি গড়ে তুলেছেন। জংশনের পণ্যবাহী ট্রেনের মালামাল ওজনের জন্য একমাত্র যন্ত্রটি দীর্ঘদিন ধরে অচল। জংশনে চলাচলকারী ট্রলি ভ্যানগুলোতে রাবারের চাকা না থাকায় শব্দদূষণ হয়। রেলওয়ে জংশনের পূর্ব পাশ ঘিরে গড়ে উঠেছে চোলাই মদের কয়েকটি দোকান।
এসব সংকটের সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর স্টেশনমাস্টার জিয়াউল আহসান বলেন, জংশনটি দিয়ে বর্তমানে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত বেড়েছে। জংশনের নিরাপত্তাব্যবস্থা জোরদার, যাত্রীসেবার মান বৃদ্ধি, ভবনগুলোর আধুনিকায়ন এবং ট্রেনে চোরাচালান বন্ধ করতে পারলে সাধারণ মানুষ আরও ট্রেনমুখী হবে। বর্তমানে এ স্টেশন থেকে প্রতিবছর সাত কোটিরও বেশি টাকা রাজস্ব আয় হচ্ছে। স্টেশনটির আধুনিকায়ন করে যাত্রীসেবার মান বাড়াতে পারলে এই আয় আরও বাড়বে।