লাঘাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাঘাটা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করা হচ্ছে। ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতারা এ কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। বুধবার সকালে সরেজমিনে গিয়ে লাঘাটা নদীর কেওলার হাওর এলাকার কয়েকটি স্থান থেকে বালু তুলতে দেখা যায়। হাওরের কৃষিজমির ওপর দিয়ে বালুবোঝাই ট্রাকের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা নিজেদের লোক দিয়ে গত এক সপ্তাহে সেখান থেকে হাজার হাজার ঘনফুট বালু তুলছেন বলে জানান স্থানীয়রা।বালু তোলায় নিয়োজিত দুই শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় রূপসপুর গ্রামের মুকুল মিয়া ও বকুল মিয়াসহ কয়েক ব্যক্তি এই বালু তুলছেন। এসব বালু ট্রাকে করে অন্য স্থানে নিয়ে তাঁরা বিক্রি করছেন।স্থানীয় একজন কৃষিশ্রমিক অভিযোগ করে বলেন, ইচ্ছামতো ট্রাক লাগিয়ে বালু বিক্রি করছেন। এক সপ্তাহ ধরে এটা চললেও যেন দেখার কেউ নেই। তবে মুন্সিবাজার ইউনিয়ন তহশিল অফিসের তহশিলদার সুবিনয় কান্তি বর্মণ বলেন, তিনি সংবাদ পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু তোলার সত্যতা পান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। সম্ভবত তাঁর উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, অবৈধভাবে বালু তোলার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে মুকুল মিয়া ও বকুল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের পাওয়া যায়নি।