বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মেয়র পদপ্রার্থী সান্তাহার পৌর জাতীয় পার্টির সভাপতি আবদুল লতিফ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিন প্রার্থীর মধ্যে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে এই পৌরসভায় মেয়র পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তাঁরা হলেন আওয়ামী লীগের রাশেদুল ইসলাম এবং বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন। এ কারণে এ পৌরসভায় লড়াই হবে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে।
১৯৮৮ সালে সান্তাহার পৌরসভা গঠিত হয়। এ পর্যন্ত এই পৌরসভায় নির্বাচন হয়েছে পাঁচবার। ওই সব নির্বাচনে দুবার আওয়ামী লীগ, দুবার বিএনপি ও একবার জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
গত নির্বাচনে বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন পৌরসভার নয়টি কেন্দ্রের সবগুলোতে জিতে বিপুল ভোটে জয়ী হন। পরাজিত হন দুবারের নির্বাচিত মেয়র, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা গোলাম মোরশেদ। বিএনপি এবারের নির্বাচনে তাদের আগের প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনকে আকার মনোনয়ন দিলেও আওয়ামী লীগ তাদের প্রার্থী পরিবর্তন করেছে। আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে তরুণ রাজনীতিবিদ উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলামকে।
মেয়র পদপ্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, ‘গত নির্বাচনে ভোটাররা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। গত পাঁচ বছরে এলাকার মানুষের জন্য কাজ করেছি। পৌরসভার অনেক সমস্যার সমাধান করেছি। পুনরায় নির্বাচিত হতে পারলে মানুষের জন্য কাজ করব এবং পৌরসভার বাকি কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করব।’
রাশেদুল ইসলাম বলেন, ‘নির্বাচনের মাঠে আমি নতুন। তবে প্রচারণায় ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। দলের কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ আমার জন্য কাজ করছে।’