লাঙ্গলবন্দ তীর্থস্থান সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লাঙ্গলবন্দে পুণ্যস্নানে এসে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১০ জন নিহত হওয়ার ঘটনাস্থল গতকাল সোমবার সকালে পরিদর্শন করেছেন দেশের নাগরিক সমাজের নেতারা। তাঁরা এই তীর্থস্থানটি সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ সাংবাদিকদের বলেন, ‘পুণ্যস্নানে এসে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। ঘটনা তদন্তে জেলা প্রশাসন যে তদন্ত কমিটি গঠন করেছে, আমরা আশা করব তারা সরকারি প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে এবং আগামীতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।’

সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, অষ্টমী স্নানের দিন কারা বেইলি ব্রিজ ভাঙার গুজব ছড়িয়েছিল, তাদের চিহ্নিত করতে হবে। ৪৭ একর দেবোত্তর সম্পত্তি বেদখল হতে হতে এখন মাত্র সোয়া দুই একর রয়েছে। কারা এসব দেবোত্তর সম্পত্তি জাল কাগজপত্র তৈরি করে বেদখল করেছে, তাদেরও চিহ্নিত করে এই সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে। তিনি বলেন, লাঙ্গলবন্দ এখন শুধু হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান নয়। এটিকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করে তা সংরক্ষণ করতে হবে।

লাঙ্গলবন্দ স্নান উৎসব উদ্‌যাপন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শংকর কুমার সাহা প্রতিনিধিদলটির সঙ্গে দেখা করে কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ অধ্যাপক নুর মোহম্মদ তালুকদার, হাসান আহমেদ, সুবোধ এম বাস্কে, নারীনেত্রী জয়ন্তী রায় ও শায়লা আহমেদ লোপা। পরে নাগরিক সমাজের প্রতিনিধিদলটি নগর ভবনে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

২৭ মার্চ লাঙ্গলবন্দে অষ্টমী স্নান চলাকালে ভিড়ের চাপে পদদলিত হয়ে সাতজন নারীসহ ১০ পুণ্যার্থী নিহত হন। ঘটনা তদন্তে জেলা প্রশাসন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।