লাঙ্গলবন্দ দুর্ঘটনার মূল কারণ অব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যবস্থাপনার কারণে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্যস্নান উৎসবে দুর্ঘটনায় পদদলিত হয়ে ১০ পুণ্যার্থী নিহত হয়েছে। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সভায় বক্তারা এ মন্তব্য করেছেন। আজ বৃহস্পতিবার পবা কার্যালয়ে সংগঠনটি এ সভার আয়োজন করে। পবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পবার একটি প্রতিনিধিদল লাঙ্গলবন্দের দুর্ঘটনা স্থলসহ সবগুলো স্নানঘাট গত ৩১ মার্চ সরেজমিনে পরিদর্শন করেছে এবং পরিবেশগত দিক পর্যবেক্ষণ করে। সেই পর্যবেক্ষণের ভিত্তিতে আজকের সভা অনুষ্ঠিত হয়।

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য এম শাহ আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পবার নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ, বিসিএইচআরডির নির্বাহী পরিচালক মো. মাহবুল হক।

মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, লাঙ্গলবন্দের দুর্ঘটনা দীর্ঘদিনের রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ফল। অবকাঠামোগত দুর্বলতা, নদী দখল করে পুণ্যস্নানের জায়গা সীমিতকরণ, সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতাসহ নানা কারণে লাঙ্গলবন্দের সংকট আরও ঘনীভূত করা হয়েছে। এ অবস্থার উত্তরণে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় পবার পক্ষ থেকে বেশ কিছু পর্যবেক্ষণ এবং করণীয় উপস্থাপন করা হয়।