সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ রক্ষায় জাতীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে লাঙ্গলবন্দের বিভিন্ন ঘাট, রাস্তা ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ দাবি জানান।
লাঙ্গলবন্দে গত শুক্রবার অষ্টমী স্নানোৎসবে পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়। ড. কামাল হোসেনের নেতৃত্বে ঢাকা ও নারায়ণগঞ্জের একদল আইনজীবী গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনজীবীরা নিহত পুণ্যার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কামাল হোসেন বলেন, আগামী অষ্টমী স্নানের আগে লাঙ্গলবন্দের যেসব জমি জবর দখল হয়েছে, সেগুলোকে দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১৬টি ঘাট সংস্কার ও বহ্মপুত্র নদ খননের ব্যবস্থা সরকারকে নিতে হবে।
কামাল হোসেন আরও বলেন, ‘আমরা এখানে সরকারকে দোষ দিতে আসিনি। আগামীতে যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে স্নানোৎসব করা যায়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানাতে এসেছি।’ নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন প্রখ্যাত এই আইনজীবী। তিনি বলেন, ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ লাঙ্গলবন্দে স্নান করেন। এর পর থেকে ধীরে ধীরে এটি পুণ্যস্নানের স্থান হিসেবে পরিচিতি লাভ করতে থাকে। প্রতি বছরই এখানে দেশ-বিদেশের অগণিত পুণ্যার্থী আসেন। ঐতিহ্যবাহী এই স্থানটিকে ঐক্যবদ্ধভাবেই রক্ষার ব্যবস্থা করতে হবে।
শুক্রবারের মর্মান্তিক ঘটনার পর গঠিত তদন্ত কমিটির উদ্দেশে কামাল হোসেন বলেন, সেদিন কী ঘটেছিল, কেন ঘটেছিল, তা সঠিকভাবে পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, লাঙ্গলবন্দ আপনাদের গর্ব। এ জন্য এটিকে রক্ষায় সবাইকেই এগিয়ে আসতে হবে।
লাঙ্গলবন্দ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী, সহসভাপতি জগলুল হায়দার, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান, আইনজীবী আওলাদ হোসেন প্রমুখ।