লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উৎসব আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দে পুরাতন ব্রহ্মপুত্র নদে আজ রোববার রাত থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব। এবারও দেশ-বিদেশের বিপুলসংখ্যক পুণ্যার্থী এই উৎসবে অংশ নেবেন বলে আশা করছে উৎসব কমিটি। মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব পরিষদের কার্যকরী সদস্য ও লেখক তারাপদ আচার্য জানান, স্নানের লগ্ন শুরু হবে রাত একটা ১৮ মিনিট ১০ সেকেন্ডে। আগামীকাল সোমবার রাত ১২টা ২০ মিনিটে লগ্ন শেষ হবে। ১৪টি স্নানঘাটে পুণ্যার্থীরা স্নান করতে পারবেন। তিনি জানান, স্নান উৎসব উপলক্ষে আগামীকাল বিকেলে লাঙ্গলবন্দ ঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। বিশেষ অতিথি থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম নাসিম ওসমান এবং আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান। সভাপতিত্ব করবেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব পরিষদের আহ্বায়ক পরিতোষ কান্তি সাহা। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এবার উৎসবে কমপক্ষে ১০ লাখ পুণ্যার্থী অংশ নেবে। উৎসবে নারী পুণ্যার্থীদের কাপড় বদলানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। থাকবে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থাও। জেলা পুলিশ সুপার (এসপি) আফজাল হোসেন জানান, স্নান উৎসব উপলক্ষে কড়া নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।