লাঙ্গলবন্দে আজ অষ্টমী স্নান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে আজ শুক্রবার শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের পবিত্র মহাষ্টমী স্নানোৎসব। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকেই লাঙ্গলবন্দে নেমেছে পুণ্যার্থীদের ঢল।উৎসব উদ্যাপন কমিটি আশা করছে, এবারের স্নানোৎসবে দুই লক্ষাধিক পুণ্যার্থী অংশ নেবেন। কমিটির সদস্যরা জানিয়েছেন, শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও তিব্বত থেকেও বিপুলসংখ্যক পুণ্যার্থী যোগ দেবেন স্নানোৎসবে। তিথি অনুযায়ী, আজ সকাল আটটা ১৯ মিনিট ৪০ সেকেন্ডে লগ্ন শুরু হবে। লগ্ন শুরুর পর পুণ্যার্থীরা ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো’ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পাপমুক্তির বাসনায় মেতে উঠবেন স্নানোৎসবে। কৃপা চাইবেন ব্রহ্মার। লগ্ন শেষ হবে পরদিন শনিবার সকাল নয়টা ১০ মিনিট ৪৮ সেকেন্ডে।লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নানোৎসব উদ্যাপন কমিটির সহসভাপতি প্রবীর কুমার সাহা বলেন, এবার ১৪টি ঘাটে পুণ্যার্থীরা স্নান করতে পারবেন। প্রতি ঘাটে নারী ও পুরুষের কাপড় বদলানোর পৃথক ব্যবস্থা আছে। বিভিন্ন সেবা ক্যাম্পের মাধ্যমে পুণ্যার্থীদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে নদীর কচুরিপানা ও আগাছা। ঘাটগুলোতে পানি আসার জন্য কয়েক দিন ধরে নদে খননকাজ চলছে।এদিকে স্নানোৎসব উপলক্ষে শুরু হয়েছে সাত দিনব্যাপী মেলা। এতে বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীরা তাঁদের পণ্য নিয়ে যোগ দিয়েছেন মেলায়। স্নানোৎসবকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, লাঙ্গলবন্দে আইনশৃঙ্খলা রক্ষায় চারজন অতিরিক্ত পুলিশ সুপার, নয়জন সহকারী পুলিশ সুপার, ১৪ জন পরিদর্শক, ৩৩ জন উপপরিদর্শক (এসআই), ২১ জন এএসআইসহ আট শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।