লাঙ্গলবন্দে পুণ্যার্থীদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে আজ বৃহস্পতিবার সনাতন হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীদের ঢল নামে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে আজ বৃহস্পতিবার সনাতন হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীদের ঢল নামে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পুণ্যস্নান গতকাল বুধবার দিবাগত রাত তিনটা ৩৪ মিনিট ৩২ সেকেন্ড থেকে শুরু হয়েছে। শেষ হবে আজ বৃহস্পতিবার রাত দুইটা ৪৭ মিনিট ৫ সেকেন্ডে। এ উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নেমেছে লাঙ্গলবন্দে।

স্নান উদ্‌যাপন কমিটির উপদেষ্টা ও এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, গতবারের দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘাটগুলোকে সংস্কার করা হয়েছে। রাজ ঘাট, গান্ধী ঘাট, অন্নপূর্ণা ঘাট, প্রেমতলাসহ ১৩টি ঘাটে এবার স্নান করছেন পুণ্যার্থীরা। এবারের স্নানে ১০ লাখের বেশি পুণ্যার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটানসহ অন্যান্য দেশ থেকে পুণ্যার্থীরা এসেছেন।

চট্টগ্রামের হালিশহর থেকে আসা মালতী রাণী বললেন, তিনি এবার প্রথম এই স্নানে এসেছেন। আয়োজন দেখে সন্তুষ্টি প্রকাশ করলেও নারীদের কাপড় বদলানোর জায়গা কম থাকার বিষয়টি নিয়ে তাঁর অসন্তোষ ছিল। তবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ভালো ছিল বলে তিনি জানান।

কয়েক বছর ধরে এখানে পুণ্যস্নানে আসেন এমন কয়েকজন বললেন, পয়লা বৈশাখ ও গত বছর পদদলিত হয়ে প্রাণহানির ঘটনার আতঙ্কে এ বছর পুণ্যার্থীদের উপস্থিতি বেশ কম।

গত বছরের ২৭ মার্চ স্নান উৎ​সবে পদদলিত হয়ে ১১ পুণ্যার্থীর মৃত্যু হয়। গুরুতর আহত হন ২০ জন।

পূজারি রবীন্দ্র চন্দ্র এই স্নানের ইতিহাস তুলে ধরে বললেন, দেবতা পরশুরাম তাঁর পিতার আদেশে নিজ মাতাকে কুঠার দিয়ে আঘাতে হত্যার দায়ে পাপী হয়ে যান এবং তাঁর কুঠারটি হাতে লেগে যায়। পরে পরশুরাম পাপ মোচনের জন্য হিমালয় থেকে নিজ হাতের কুঠারটি লাঙল বানিয়ে চষে পাহাড়-পর্বত দিয়ে বর্তমান লাঙ্গলবন্দ এলাকায় এসে পৌঁছালে তাঁর হাত থেকে সেটি খুলে পড়ে যায়। তখন তিনি ব্রহ্মপুত্র নদের জলে স্নান করেন। এর পর থেকে ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দ তীর্থস্থান হিসেবে পরিচিতি পায়। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের বাসনায় এখানে স্নান করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, নিরাপত্তার জন্য সাড়ে ১২শ পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এক নারীসহ তিন পকেটমারকে আটক করা হয়েছে।

এদিকে আমাদের শেরপুর প্রতিনিধি জানান, জেলায় হিন্দু সম্প্রদায়ের মহাঅষ্টমী স্নান উৎ​সব হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ ও শিশু পুণ্যস্নান করেন। এ সময় তারা জগতের যাবতীয় সংকীর্ণতা ও পাপ মোচনের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন। স্নান শেষে পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদসংলগ্ন জামালপুর জেলা শহরের দয়াময়ী কালীমাতার মন্দিরে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনায় অংশ নেন। ওই মন্দির প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।