লাঙ্গলবন্দে প্রাণহানির ঘটনা তদন্তে কাজ শুরু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে পদদলিত হয়ে নারীসহ ১০ জনের প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ রোববার বেলা ১১টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত হোসেন খানের নেতৃত্ব কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কমিটির অন্য সদস্যরা ছাড়াও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজমীন উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনের আগে জেলা পরিষদের ডাক বাংলোয় কমিটির সদস্যরা সভা করেন। এরপর ঘটনাস্থল রাজঘাটসহ লাঙ্গলবন্দের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং তাঁরা এলাকাবাসী, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকছুদ হোসেন, প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে কথা বলেন।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নান উৎসবে সেতু ভেঙে পড়ার গুজবে হুড়োহুড়িতে রাজঘাট এলাকায় পদদলিত হয়ে সাত নারীসহ ১০ পুণ্যার্থী নিহত হন। আহত হয়েছেন ২০ পুণ্যার্থী। এই ঘটনার পর জেলা প্রশাসন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত হোসেন খানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে। পরে তা সাত সদস্যে উন্নীত করা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক ইশরাত হোসেন খান বলেন, এই কমিটি আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে করণীয় সম্পর্কে কমিটি সুপারিশ করবে।
কমিটির অপর সদস্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের উপপরিচালকের প্রতিনিধি, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি, পুণ্যস্নান উদযাপন কমিটির প্রতিনিধি।