লাঙ্গলবন্দে মহা অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থী
‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য তুমি আমার পাপ হরণ করো’—এই মন্ত্র উচ্চারণ করে, ব্রহ্মার কৃপা চেয়ে জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণ থেকে মুক্তির বাসনায় ব্রহ্মপুত্র নদে মহা অষ্টমী স্নান সম্পন্ন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় লাখো পুণ্যার্থীর পদচারণে মুখরিত হয়ে ওঠে পুরো লাঙ্গলবন্দ এলাকা।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে তিথি অনুযায়ী গত বুধবার রাত ৩টা ৩৪ মিনিট ৩২ সেকেন্ড লগ্ন শুরু হয়ে শেষ হয় বৃহস্পতিবার রাত ২টা ৪৭ মিনিট ৫ সেকেন্ডে। এর মধ্যে পুণ্যস্নানের মুখ্য সময় ছিল বৃহস্পতিবার সকাল ৭টা ২৯ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত।
বৃহস্পতিবার ভোর থেকে পুণ্যার্থীদের ঢল নামে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের তীরে। লাখো পুণ্যার্থীর পদভারে মুখরিত হয়ে ওঠে লাঙ্গলবন্দ। লগ্ন শুরুর পরপরই রাতেই স্নান করতে নদে নামেন সনাতনধর্মী হাজারো নারী-পুরুষ। ঘাটে থাকা পুরোহিতদের কাছ থেকে মন্ত্র জেনে তা পাঠ করে পুণ্যার্থীরা নদে স্নান করেন। এবার ১৬টি ঘাটে পুণ্যার্থীরা স্নান সম্পন্ন করেন।
স্নান উৎসব উদ্যাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা বলেন, গত বছরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটলেও এবার শান্তিপূর্ণ পরিবেশে পুণ্যার্থীরা স্নান সম্পন্ন করে বাড়ি ফিরেছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান জানান, পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নেœস্নান সম্পন্ন করে বাড়ি ফিরে যেতে পারেন, সে জন্য পুলিশ ও আনসারের সমন্বয়ে ১ হাজার ২৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন ছিলেন। এ ছাড়া পুরো লাঙ্গলবন্দ এলাকায় নজরদারি করতে তিনটি পর্যবেক্ষণ টাওয়ার এবং বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।