লাঙ্গলবন্দে লাখো পুণ্যার্থীর ঢল
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে গতকাল রোববার দিবাগত রাত থেকে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান শুরু হয়েছে। লাখো পুণ্যার্থীর পদভারে মুখরিত হয়ে উঠেছে লাঙ্গলবন্দের আড়াই কিলোমিটার এলাকা।‘হে মহা ভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, তুমি আমার পাপ হরণ করো’ মন্ত্র উচ্চারণ করে পুণ্যার্থীরা কৃপা চান ব্রহ্মার। স্নান উৎসবে মেতে ওঠেন পুণ্যার্থীরা। রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান লাঙ্গলবন্দে।সড়কপথে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারে; নদীপথে লঞ্চ, ট্রলার ও নৌকাযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পুণ্যার্থীরা সমবেত হন লাঙ্গলবন্দে। উৎসব কমিটির নেতারা আশা করছেন, প্রতিবছরের মতো এবারও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে বিপুলসংখ্যক পুণ্যার্থী যোগ দিচ্ছেন স্নান উৎসবে। স্নানের লগ্ন শুরু হয় রোববার দিবাগত রাত একটা ১৮ মিনিট ১০ সেকেন্ডে। শেষ হবে আজ সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে। ১৪টি স্নানঘাটের মাধ্যমে পুণ্যার্থীরা স্নানপর্ব সম্পন্ন করছেন। স্নান উৎসবকে কেন্দ্র করে রোববার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকজ মেলা। স্নান উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, পুণ্যার্থীদের কল্যাণে সরকারি ও বেসরকারিভাবে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৪টি ঘাট সংস্কারসহ প্রতিটি ঘাটের পাশেই নারীদের কাপড় বদলানোর ব্যবস্থা আছে। তা ছাড়া ৬০টি অস্থায়ী শৌচাগার নির্মাণসহ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ৩৪টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রতি মিনিটে চার হাজার লিটার পানি উত্তোলন করা যায়, এ রকম একটি পাম্প বসানো হয়েছে। পাম্পে ৫০টি টেপ লাগানো হয়েছে। ১২টি ওভারহেড ট্যাঙ্ক বসানো হয়েছে। ঘাটগুলোর অবস্থান নির্দেশ করে ডিজিটাল ফেস্টুন লাগানো হয়েছে। ২৭টি ধর্মীয় সামাজিক ও সেবামূলক সংগঠন ক্যাম্প খুলেছে। এসব ক্যাম্প থেকে পুণ্যার্থীদের রান্না করা খাবার ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। প্রতিটি ক্যাম্পে ১০ জন করে স্বেচ্ছাসেবী থাকবে। এ ছাড়া নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, লাঙ্গলবন্দ জুড়ে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার, নয়জন সহকারী পুলিশ সুপার, ১৫ জন ইন্সপেক্টর, এসআই ৭৩ জন, ৩৬ জন এএসআই, হাবিলদার ৩২ জন এবং ৬৩ জন কনস্টেবলের সমন্বয়ে মোতায়েন থাকবেন ৭৮৫ পুলিশ সদস্য। পুলিশকে সহযোগিতা করবেন আরও ২৫২ জন আনসার সদস্য। র্যাবের পাঁচটি টিম টহল দেবে সার্বক্ষণিকভাবে। লাঙ্গলবন্দ স্নান উৎসব উদ্যাপন পরিষদের সদস্য-সচিব বাসুদেব চক্রবর্তী জানান, দেশ-বিদেশের প্রায় সাড়ে তিন লাখ পুণ্যার্থী স্নান উৎসবে যোগ দেবেন বলে তাঁরা আশা করছেন।