লাঙ্গলবন্দে শেষ হলো মহাষ্টমী পুণ্যস্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দুধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। সোমবার বিকেলে স্নানের লগ্ন শুরু হয়। এতে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। একই দিন মানিকগঞ্জ পৌর এলাকায় কালীগঙ্গা নদীতে পুণ্যার্থীরা স্নান করেন।

লাঙ্গলবন্দে স্নানোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ বিভিন্ন দেশের পুণ্যার্থীরা অংশ নেন বলে স্নান উদ্‌যাপন কমিটির নেতারা জানান। তাঁরা জানান, এবার ১৮টি ঘাটের মাধ্যমে স্নানোৎসব অনুষ্ঠিত হয়। ঘাটগুলো হলো আড্ডা হরিরামপুর ঘাট, নলিত মোহন সাধু ঘাট, নাসিম ওসমান ঘাট, অন্নপূর্ণা ঘাট, রাজঘাট, মাকরী সাধু ঘাট, গান্ধী (শ্মশান) ঘাট, ভদ্রেশ্বরী কালীঘাট, জয়কালী মন্দির ঘাট, পাষাণকালী মন্দির ঘাট, মনোজকান্তি বড়াল ঘাট, প্রেমতলা ঘাট, মনিঋষিপাড়া ঘাট, ব্রহ্ম মন্দির ঘাট, দক্ষিণেশ্বরী ঘাট, কালীগঞ্জ পঞ্চপান্ডব ঘাট ও সাবদী কালীবাড়ি ঘাট। সরেজমিন দেখা যায়, রাজঘাটে পুণ্যার্থীদের ভিড় ছিল অন্যান্য ঘাটের তুলনায় বেশি। 

দিনাজপুর থেকে আগত বৃদ্ধা দেবী লাল বালা বলেন, ‘শেষ বয়সে এখানে এসে শান্তিতে স্নান করতে পেরেছি, এতেই আমি খুশি।’ নরসিংদীর সুবল চন্দ্র সাহা বলেন, ‘আমরা ১২ সদস্যকে নিয়ে লাঙ্গলবন্দে এসেছি। কোনো ঝামেলা ছাড়াই এবার রাজঘাটে স্নান সম্পন্ন করেছি।’

লাঙ্গলবন্দ স্নান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সরোজ সাহা বলেন, এবার শান্তিপূর্ণভাবে স্নানোৎসব সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি জানান, ছয়-সাত বছরের মধ্যে এবার পুণ্যার্থীর আগমন বেশি হয়েছে।

এদিকে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় কালীগঙ্গা নদীতে ধর্মীয় উপচার ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ স্নানে অংশ নেন। স্থানীয় অন্নপূর্ণা সেবা সংঘ স্নানের আয়োজন করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা কালীগঙ্গার পানিতে স্নান শুরু করেন। বেলা দুইটা পর্যন্ত চলে এই স্নান। এ উপলক্ষে বেউথা এলাকায় কালীগঙ্গার তীরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্নপূর্ণা সেবা সংঘের সভাপতি দিলীপ কুমার রাজবংশীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অসীম কুমার বিশ্বাস প্রমুখ।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, হিন্দুধর্মীয় মতে, ত্রেতাযুগে বাবার আদেশ পালনে কুড়াল দিয়ে মাকে হত্যা করেন পরশুরাম। এ সময় তাঁর হাতে ওই কুড়াল আটকে যায়। এরপর পাপমোচনের জন্য তিনি বহু তীর্থস্থান ঘুরেও কোনো ফল পাননি। অবশেষে চৈত্র মাসের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে স্নান করে তাঁর পাপমোচন হয়। এরপর থেকে এই তিথিতে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ পাপমোচনের জন্য মন্ত্র পড়ে কলাপাতায় ফুল ও ফল নদীতে ভাসিয়ে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করেন।

দিলীপ কুমার রাজবংশী বলেন, প্রায় ৪০ বছর ধরে বেউথা এলাকায় কালীগঙ্গা নদীতে স্নানের আয়োজন করা হচ্ছে। এতে জেলার বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা অংশ নেন।