লাঞ্ছনাকারী ওই কিশোরকে শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে প্রকাশ্যে স্কুলছাত্রীর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও কিল-ঘুষি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া কিশোরকে গাজীপুর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ওই কিশোরকে হবিগঞ্জ শিশু ও কিশোর আদালতে হাজির করা হলে বিচারক মো. আতাবুল্লাহ এ আদেশ দেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী গত ২৬ আগস্ট স্কুল ছুটি শেষে তার সহপাঠীর সঙ্গে বাসায় ফিরছিল। এ সময় এক কিশোর আকস্মিক তার সামনে এসে দাঁড়ায় এবং তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও কিল-ঘুষি মারে। এতে ছাত্রীটির সহপাঠীসহ পথচারীরা হতভম্ব হয়ে যায়। তবে কেউ এর প্রতিবাদ করেননি। এ ঘটনা কয়েকজন মুঠোফোনে ভিডিও করেন। এ ভিডিওটি গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ভিডিও চিত্র দেখে পুলিশ ওই কিশোরকে শনাক্ত করে। পরে ওই কিশোরের পরিবারের সহায়তায় তাকে গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ।

তবে ওই কিশোরের মামা বলেন, তাঁর ভাগনেকে পুলিশ গ্রেপ্তার করেনি। অভিভাবকেরাই তাকে থানায় সোপর্দ করেছেন। সে যদি অপরাধ করে থাকে প্রচলিত আইনে তার শাস্তি হবে। তবে সে একা অপরাধ করেনি। এর সঙ্গে সম্পৃক্তদেরও আইনের আওতায় আনতে হবে।

গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শ্লীলতাহানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা। এতে ওই কিশোরসহ তিনজনকে আসামি করা হয়।

তবে দুজন আইনজীবী প্রথম আলোকে বলেন, কিশোরের বিরুদ্ধে কিশোর অপরাধে মামলা নেওয়া উচিত ছিল পুলিশের।

যে ধারায় মামলা হয়েছে এ ধারায় একজন কিশোরের ওপর মামলার কার্যক্রম চলে কি না জানতে চাইলে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমুদ্দিন প্রথম আলোকে বলেন, এতে আইনগত কোনো বাধা নেই। তবে তাঁকে কারাগারে শিশু-কিশোর সেলে রেখে বিচার কার্যক্রম চলতে পারে আদালতের নির্দেশনায়।

আজ দুপুরে ওই কিশোরকে হবিগঞ্জ সদর আমলি আদালতে হাজির করে পুলিশ। ওই আদালত মামলাটি হবিগঞ্জ শিশু ও কিশোর আদালতে স্থানান্তর করেন। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এবং শিশু ও কিশোর আদালতের বিচারক মো. আতাবুল্লাহ পরে এ মামলার পরবর্তী তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেন।