ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত
লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার দাবিতে কর্মবিরতি অব্যাহত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মাজহারুল ইসলাম নামের এক ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের জন্য চিকিৎসকেরা ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।
ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক নারী রোগীর স্বজনেরা গত মঙ্গলবার বিকেলে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক মাজহারুল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় মঙ্গলবার বিকেল থেকেই ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন।
চিকিৎসকেরা আরও জানান, ২০ দিন আগে ওই নারী রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নেন। তখনও তাঁর স্বজনেরা ১৩ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার লুৎফা বিনতে কবীরের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। গত মঙ্গলবার বিকেলে স্বজনেরা আবারও হাসাপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে এসে একই রকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং চিকিৎসককে মারধর করেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিনের কক্ষের সামনে ভিড় করে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা। এ সময় তাঁরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। তা না হলে হাসপাতালে কর্মরত অন্য চিকিৎসকেরা তাঁদের দাবির সঙ্গে একাত্ম হয়ে কর্মবিরতিতে যাবেন।
গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানা যায়, ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে থাকায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক রোগীর স্বজন অভিযোগ করে বলেন, এই হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা সার্বক্ষণিক চিকিৎসা দেন। জ্যেষ্ঠ চিকিৎসকেরা দিনের নির্দিষ্ট সময়ে দুবার করে আসেন। বুধবার ওয়ার্ডগুলোতে ইন্টার্ন চিকিৎসকেরা না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা রক্ষার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা বাড়ানো হবে। তাঁর ভাষ্য, অন্য চিকিৎসকেরা কর্মরত থাকায় হাসপাতালের চিকিৎসা ব৵বস্থায় কোনো প্রভাব পড়ছে না।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলছি। দোষীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’