বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরআরআই) বিজ্ঞানীদের লাঞ্ছনাকারী শ্রমিকসহ অন্যদের শাস্তির দাবিতে আগামী রোববার থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বিজ্ঞানী সমিতি। একই দিন ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার সকালে বিআরআরআই মিলনায়তনে সমিতির সাধারণ সভায় ওই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞানী সমিতির সভাপতি মো. আনছার আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞানী ফজলে রাব্বি, মইন উদ্দিন ফকির, অভিজিৎ বিশ্বাস, মো. জামী, ইসমাইল হোসেন মোল্লা, আবদুল লতিফ প্রমুখ। সভায় চারটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞানীরা জানান, সভায় সোমবার আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিকদের হাতে বিজ্ঞানীরা লাঞ্ছিত হওয়াসহ অনভিপ্রেত ঘটনায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। একই সঙ্গে বিজ্ঞানী সমিতি থেকে কৃষি পরিসংখ্যান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহজাহান কবীরের সদস্যপদ বাতিল এবং উদ্ভিদ প্রজনন বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা শরীফুল ইসলাম, ফলিত গবেষণা বিভাগের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এনামুল হক, সহকারী পরিচালক আবদুল আজিজ ও হারুন-উর-রশিদ, শ্রমিকনেতা মামুন হোসেন, আবদুল মজিদ, খোরশেদ আলম, দুলাল চন্দ্র ভৌমিক, মো. মামুনসহ জড়িতদের চাকরিচ্যুত করার দাবি জানানো হয়।
সভায় ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হুমায়ুন কবীর ও পরিচালক (গবেষণা বিভাগ) মো. শমসের আলী ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও তাঁদের অন্যত্র বদলি এবং সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে কারণ দর্শানোর প্রশাসনিক আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি আদায়ে বিজ্ঞানী সমিতির সদস্যরা রোববার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে ঢাকায় বিএআরসির সামনে অবস্থান ধর্মঘট ও সংবাদ সমেঞ্চলন করবেন।
এর পরও দাবি আদায় না হলে বিজ্ঞানীরা একযোগে সব প্রশাসনিক কমিটি থেকে পদত্যাগ করে প্রশাসনকে কোনো ধরনের সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
সভার সিদ্ধান্ত ও কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন বিআরআরআই বিজ্ঞানী সমিতির প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন।
গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিআরআরআইয়ের শ্রমিকেরা বিজ্ঞানীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর জেরে জয়দেবপুর থানায় একাধিক সাধারণ ডায়েরি ও তিন বিজ্ঞানীকে তাৎক্ষণিক বদলি করা হয়।