লাঞ্ছনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীর মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করে গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরাও বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাঁদের কয়েকজন পুলিশের হাতে লাঞ্ছিত হন। এ ঘটনায় গতকাল দুপুর থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালটির চিকিৎসাসেবা।
ইন্টার্ন চিকিৎসকেরা প্রথমেই জরুরি বিভাগের চিকিৎসা বন্ধ করে দেন। তাঁদের বাধার মুখে লাশও নিয়ে যেতে পারেননি স্বজনেরা। ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের অক্সিজেনের পাইপ খুলে দিলে অচলাবস্থার সৃষ্টি হয়। তখন অনেক রোগীই জরুরি বিভাগ থেকে ফিরে যান।
বেলা পৌনে দুইটার দিকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে রাজশাহী নগরের টিকাপাড়ার ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন খান (৬০) মারা যান। তাঁর স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ৯ এপ্রিল থেকে মোশাররফ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।
তবে কর্তব্যরত চিকিৎসকেরা বলছেন, রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। গতকাল রোগীকে নিয়ে তাঁরা জরুরি বিভাগের সামনে যেতেই রোগী মারা যান।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রোগীর মৃত্যুর পরই তাঁর স্বজনেরা উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা হাসপাতালের ওয়ার্ডে ঢুকে সহকারী রেজিস্ট্রার সুব্রতকে লাঞ্ছিত করেন ও শিক্ষানবিশ চিকিৎসক আরিফের গায়ে হাত তোলেন। ভাঙচুর শুরু করেন ওয়ার্ডের ভেতরে। এরপর শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতালের ভেতরে পাল্টা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তাঁরা রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। হাসপাতালের অক্সিজেনের লাইন খুলে দিয়ে জরুরি বিভাগ বন্ধ করে দেন। পরে অবশ্য শিক্ষানবিশ চিকিৎসকদেরই কয়েকজন অক্সিজেনের পাইপ লাগিয়ে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকদের বিক্ষোভ প্রশমিত করার চেষ্টা করে। তখন পুলিশ রায়হান নামের এক শিক্ষানবিশ চিকিৎসককে মারধর ও আরও কয়েকজনকে ধাক্কা দেয় বলে বলে অভিযোগ। এ নিয়ে চিকিৎসকেরা নতুন করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। তাঁরা জরুরি বিভাগের সামনে জড়ো হয়ে দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার তদন্তের দাবি জানান।
উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ, চিকিৎসক ও রোগীর স্বজনদের নিয়ে বৈঠকে বসেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সেখানে ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের শাস্তি, হাসপাতাল দালালমুক্ত করা, বহিরাগতদের প্রবেশ বন্ধসহ পাঁচ দফা দাবি জানান।
বৈঠক শেষে ডাবলু সরকার বিকেলে প্রথম আলোকে বলেন, বৈঠকে বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। পুলিশও তাদের ভূমিকার ভুল স্বীকার করেছে। বিকেল চারটার দিকে জরুরি বিভাগ খুলে দেওয়া হয়।
তবে ইন্টার্ন চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, তাদের সব দাবি না মানা পর্যন্ত জরুরি বিভাগ ও জরুরি অস্ত্রোপচার ছাড়া অন্য কোনো কাজে তাঁরা যোগ দেবেন না।
হাসপাতালের পরিচালক ছুটিতে আছেন। তিনি এলেই ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের দাবি নিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কাজে যোগ দেবেন।
মোশাররফ হোসেন খানের ভায়রা শাহীন (৩৫) বলেন, রোগী মারা যাওয়ার কয়েক মিনিট আগে তাঁকে ইনজেকশন দেওয়া হয়। রোগী মারা যাওয়ার পর ক্ষিপ্ত হয়ে যান তাঁর ছেলে রনি ও অন্যান্য স্বজন। একপর্যায়ে রনি উত্তেজিত হয়ে চিকিৎসক সুব্রতর গায়ে হাত তোলেন। তখন ইন্টার্ন চিকিৎসকেরা এসে তাঁদের ঘিরে ফেলেন।