লাঞ্ছনার প্রতিবাদে চিকিৎসক ও সেবিকাদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও সেবিকাদের লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল সোমবার থেকে এক ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা।গতকাল সরেজমিন দেখা গেছে, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রয়েছে। রোগীরা চিকিৎসাসেবার জন্য অপেক্ষা করছেন। বহির্বিভাগে অনেক লোক এদিক-সেদিক চিকিৎসকের খোঁজ নিচ্ছেন। আবার কেউ কেউ ফিরে যাচ্ছেন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জানান, গত রোববার বিকেলে হাসপাতালের ডক্টরস কক্ষে আবু মো. খায়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএমএর সভায় হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসক-সেবিকাদের লাঞ্ছিত করার নিন্দা জানানো হয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার থেকে বুধবার প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বুধবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।অন্যদিকে হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশন হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে গতকাল সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দিয়েছে। নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন বলেন, ‘সোমবার রাতের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এরপর আগামীকাল বুধবার থেকে সকাল ৯টা-দুপুর ১২টা পর্যন্ত অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন করা হবে।’ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু মো. খায়রুল কবির বলেন, ‘হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা ও পরবর্তী সময়ে এমন ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করার দাবিতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। তবে রোগীদের ভোগান্তির কথা বিবেচনায় রেখে কর্মসূচি অতি সংক্ষিপ্ত করা হয়েছে।’ঠাকুরগাঁও শহরের মুসলিম নগরের মোহাম্মদ ঈশা খানকে (৫০) শ্বাসকষ্ট সমস্যার কারণে গত বুধবার সন্ধ্যায় জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তাঁকে সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন ওই রাতেই হাসপাতালে ভাঙচুর চালায় ও চিকিৎসক-সেবিকাদের লাঞ্ছিত করে। পরদিন সিভিল সার্জন বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় একটি মামলা করেন।