ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর হাতে এক শিক্ষানবিশ নারী চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা গত রোববার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।হাসপাতালের ইন্টার্নি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি হূদয় রঞ্জন বর্মণ জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে আতিকুল ইসলাম (২১) নামের এক রোগী কর্তব্যরত শিক্ষানবিশ এক নারী চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে রাত নয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন হাসপাতালের ৮০ জন শিক্ষানবিশ চিকিৎসক।হাসপাতালের ওয়ার্ডমাস্টার মো. সাখাওয়াৎ মোস্তফা জানান, চিকিৎসককে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত আতিকুল ইসলামের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় রোববার রাতেই মামলা করা হয়েছে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আতিকুল ইসলাম শহরের একটি বেসরকারি হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘটের ফলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ধর্মঘটী চিকিৎসকেরা সাত দফা দাবি জানিয়ে গতকাল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক গুরুদাস সিকদার জানান, শিক্ষানবিশ চিকিৎসকদের দাবিগুলো একসঙ্গে মেনে নেওয়া সম্ভব নয়। রোগীদের পরিদর্শক নিয়ন্ত্রণ করার জন্য কার্ড চালু করা হবে এবং নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হবে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল ওয়াহাব ভূঁইয়া গতকাল দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি তত্ত্বাবধায়কের কক্ষে ধর্মঘটী চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। প্রায় আড়াই ঘণ্টা আলোচনার পরও শিক্ষানবিশ চিকিৎসকেরা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার না করার সিদ্ধান্তে অটল থাকেন।