লাঞ্ছনার প্রতিবাদে সেবা বন্ধ ইন্টার্নি চিকিৎসকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগী ও তাঁর বন্ধুদের হাতে লাঞ্ছনার প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকেরা। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

হাসপাতালের আবাসিক সার্জন মো. আবদুল আউয়াল সোহেলের ভাষ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরের মুন্সেফবাড়ি এলাকার সবুজ ভূঁইয়া তাঁর তিন বন্ধু সজীব হোসেন ভূঁইয়া, নাজমুল হাসান ও মো. রাজনকে নিয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এরপর তাঁরা রোগী ভর্তি নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা চার ইন্টার্নি চিকিৎসক আবদুল হান্নান, হিমেল, ইমতিয়াজ ও নাদিয়াকে মারধর করেন। এর মধ্যে হান্নান ও হিমেল হাসপাতালের ডক্টরস কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্নি চিকিৎসকেরা।

দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে মানববন্ধন করেন ইন্টার্নি চিকিৎসকেরা। সুষ্ঠু বিচার চেয়ে তাঁরা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক এ বি এম খুরশীদ আলম ও পুলিশের সঙ্গে আলোচনা করেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব প্রথম আলোকে বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি বাছেদ আহমেদ সরকার এ ঘটনায় আজ থানায় মামলা করেছেন। মামলায় সবুজ, সজীব, নাজমুল হাসান ও রাজনকে গ্রেপ্তার করা হয়েছে।