লাঞ্ছনার প্রতিবাদে ১২ নারীশ্রমিকের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় লাঞ্ছনার প্রতিবাদে ১২ নারীশ্রমিক তিন দিন ধরে কর্মবিরতি পালন করছেন। তাঁদের অভিযোগ, অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করার ঘটনায় স্থানীয় তিন যুবক তাঁদের লাঞ্ছিত করেছে। উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল শুক্রবার বলেন, ‘স্থানীয়ভাবে সালিস ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’ এলজিইডি উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে একটি কাঁচা সড়কে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ১২ জন নারীশ্রমিকের একটি দল সেখানে কাজ করছে। ওই শ্রমিক দলের কয়েকজন অভিযোগ করেন, গত রোববার দুপুরের দিকে কাজ চলাকালে হামিদপুর গ্রামের লুজু মিয়া একজন শ্রমিককে ডেকে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার লুজুসহ একই গ্রামের ফারুক ও পার্শ্ববর্তী জায়ফরনগর গ্রামের ছইফুল ক্ষিপ্ত হয়ে ওই শ্রমিককে বকাঝকা করেন। একপর্যায়ে ওই যুবকেরা কয়েকজন শ্রমিককে লাঞ্ছিতও করেন। ওই দিন সন্ধ্যায় শ্রমিকদের পক্ষ থেকে লুজু মিয়া, ফারুক মিয়া ও ছইফুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান, অভিযোগটি পুলিশ তদন্ত করে দেখছে।এ ব্যাপারে ওই তিন যুবকের দাবি, রাস্তা রক্ষণাবেক্ষণের কাজে অবহেলার কারণে নারীশ্রমিকদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়েছে।