লাঞ্ছিত শিক্ষকও বরখাস্ত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক অসীম কুমার ভদ্রকে লাঞ্ছিত করার ঘটনায় দুই শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী সহকারী অধ্যাপক শরমীন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অসীম কুমার ভদ্রকেও সাময়িক বরখাস্ত করায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ৬৮তম সিন্ডিকেটে শিক্ষক লাঞ্ছনার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় অধিকাংশ সিন্ডিকেট সদস্য তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত নজরুল ইসলামের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। কিন্তু তা না করে অধিকতর তদন্তের কথা বলে তিন শিক্ষককেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
অধ্যাপক অসীম কুমার ভদ্র প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনে দোষী সাব্যস্ত হওয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল। কিন্তু তাঁদের পাশাপাশি আমাকেও বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। লাঞ্ছিত হলাম আমি, আবার আমার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হলো।’
সিন্ডিকেটের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম বলেন, ‘অধিকতর তদন্তের স্বার্থে তিন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর বেশি আমি আপাতত বলতে পারছি না।’