লাঠি-বাঁশি নিয়ে টহলে ব্যবসায়ীরা
সংখ্যায় তাঁরা ১০ জন। সবাই যুবক। পাঁচজন করে দুই ভাগ হয়ে লাঠি হাতে দোকানের সামনের সড়ক দিয়ে হেঁটে যান। তাঁদের সবার কাছেই আছে বাঁশি আর টর্চলাইট। ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র নিলটুলী এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এ দৃশ্য দেখা যাচ্ছে। তবে তাঁরা কোনো সন্ত্রাসী নন। সন্ত্রাসীদের ঠেকাতে পাহারা দিচ্ছেন।নিলটুলী এলাকার হাফেজ বিল্ডিং থেকে আরোগ্য সদন পর্যন্ত এলাকায় প্রায় ২৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে শুধু সোনার দোকান আছে ১০৫টি। নিলটুলী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আবদুর রশিদ জানান, ৩ ফেব্রুয়ারি নিলটুলীর বিষ্ণু জুয়েলার্সের মালিক বিষ্ণু কর্মকারের কাছে মুঠোফোনে সাত লাখ টাকা চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। দ্বিতীয় দিন আবার হুমকি দিয়ে সন্ত্রাসীরা বলে, চাঁদা না দিলে তাঁকে মেরে ফেলা হবে। পরের দিন পাশের শতাব্দী জুয়েলার্সের মালিক সুভাষ পালকে একই ভাষায় হুমকি দেওয়া হয়। সন্ত্রাসীদের করা ফোন নম্বরে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী ফোন করলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকেও দেখে নেওয়ার হুমকি দেয়। ১৬ ফেব্রুয়ারি রাত আটটার দিকে বিষ্ণু জুয়েলার্সের সামনে বোমা নিক্ষেপ করা হয়। পুলিশকে জানিয়ে কোনো কাজ হয়নি। তাই ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিরোধে নেমেছেন।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে জানান, ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে যে পাহারার ব্যবস্থা করেছে, তাতে সন্ত্রাসী কর্মকাণ্ড কমে যাবে। পুলিশ তাঁদের সাহায্য করবে এবং পাশে থাকবে।