সোনারগাঁয়ে চুরি-ডাকাতি রোধের উদ্যোগ
লাঠি-বাঁশি নিয়ে পাহারায় গ্রামবাসীপুলিশ দিচ্ছে মুড়ি-চানাচুর
রাত তখন ঠিক দুইটা। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের সামনে রাস্তায় ট্যাক্সি থেকে নামার সঙ্গে সঙ্গে লোকজন ঘিরে ধরে। ২৫-৩০ জনের একটি দলে কারও হাতে বাঁশের লাঠি, কারও হাতে রামদা, কারও মুখে বাঁশি। সাংবাদিক পরিচয় দেওয়ায় তারা শান্ত হয়।এত রাতে অস্ত্রসস্ত্র নিয়ে কী হচ্ছে জানতে চাইলে তাদের মধ্যে বয়স্ক নাসিরউদ্দিন (৫৫) এগিয়ে এলেন। তিনি বললেন, চুরি-ডাকাতিতে অতিষ্ঠ গ্রামের মানুষ। পুলিশ দিয়ে কিছুই হচ্ছে না। বাধ্য হয়ে জানমাল রক্ষায় নিজেদেরই নেমে পড়তে হয়েছে। লাঠিসোঁটা নিয়ে রাত জেগে নিজেরাই পাহারা বসিয়েছেন।এবার বলল অন্যরাও। তারা জানাল, গত পাঁচ মাসে এলাকায় ডাকাতি হয়েছে আটবার। ডাকাতেরা অস্ত্র দেখিয়ে গ্রামবাসীর আসবাবপত্র, নগদ টাকা এমনকি গৃহপালিত পশুও লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছে শিশুসহ ৩০ জন নারী-পুরুষ। তার পরও ডাকাতি বন্ধ করতে পারেনি পুলিশ।মান্দারপাড়া গ্রামের নজরুল ইসলাম, সফিকুল গনি ও আমির হোসেন জানালেন, গ্রামের মানুষ বৈঠক করে ঠিক করেছে যে নিজেরাই পালাক্রমে এলাকায় পাহারা দেবে। তিনটি দল প্রতি রাতে গ্রামে ঘুরে ঘুরে পাহারা দেবে। গ্রামবাসী চাঁদা দিয়ে একটি তহবিল গঠন করেছে। সেই টাকায় দেশীয় অস্ত্র, টর্চলাইট, বাঁশিসহ পাহারা দেওয়ার অন্য সরঞ্জাম কেনা হয়েছে। পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এ কাজ তদারক করেন। এক মাস ধরে এভাবে পাহারা দেওয়া হচ্ছে। এ সময় এলাকায় চুরি-ডাকাতির কোনো ঘটনা ঘটেনি।গত শনিবার রাত ১২টা থেকে চারটা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, মান্দারপাড়া ছাড়াও বারদী ইউনিয়নের মছলন্দপুর, আলমদী, শান্তির বাজার, দৌলরদীসহ ১৫টি গ্রামে রাত জেগে এভাবে পাহারা দিচ্ছে গ্রামবাসী। পাশের সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি, ইমানের কান্দি ও ফতেপুর; সাদিপুর ইউনিয়নের সাদিপুর ও নয়াপুর বাজার; কাঁচপুর ইউনিয়নের সুখেরটেক, ললার্টি ও চেঙ্গাইন; জামপুর ইউনিয়নের মাহমুদপুর, মালিপাড়া ও পাকুন্দা এবং নোয়াগাঁও ইউনিয়নের গৌরবদী, লক্ষ্মীপরদী, লাদুরচর, চরকামালদী, ধন্দীরবাজারসহ বিভিন্ন গ্রামে বসানো হয়েছে এ ধরনের পাহারা।রাত তিনটায় নোয়াগাঁও ইউনিয়নের লক্ষ্মীপরদী গ্রামে গিয়ে দেখা যায়, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী এবং উপপরিদর্শক (এসআই) অরূপ তরফদার ও ওসমান গনির নেতৃত্বে পুলিশের সদস্যরা লোকজনের মধ্যে মুড়ি ও চানাচুর বিলি করছেন।ওসি ইউনুস আলী জানান, পাহারাদারদের চাঙা রাখতে থানার পুলিশের তিনটি দল প্রতি রাতে উপজেলার ছয়টি ইউনিয়নের ৪০টি জায়গায় মুড়ি ও চানাচুর বিতরণ করে। মুড়ি-চানাচুর কেনার টাকা আসে কোথা থেকে জানতে চাইলে ওসি বলেন, থানার সব পুলিশ সদস্য তাঁদের বেতন থেকে কিছু চাঁদা দিয়ে এই টাকার জোগান দেন। ইউনুস আলী বলেন, ‘এলাকার লোকজন এক মাস ধরে এভাবে পাহারা দিচ্ছে। গ্রামবাসী এর সুফল পেতে শুরু করেছে। এই সময়ের মধ্যে উপজেলার ছয়টি ইউনিয়নের কোথাও চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি।’নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানালেন, ‘চোর-ডাকাতদের কাছে এই এলাকার মানুষ জিম্মি হয়ে পড়েছে। ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে আমরাও রাতের বেলা গ্রামে গ্রামে গিয়ে পাহারাদারদের উজ্জীবিত করি।’সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর্সিয়া কমল জানান, উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গ্রামে গ্রামে পুলিশ ও জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে পাহারা বসানো হয়েছে।নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিশ্বাস আফজাল হোসেন জানান, পুলিশের একার পক্ষে চুরি-ডাকাতি বন্ধ করা সম্ভব নয়। জনগণ এভাবে পাহারা দিচ্ছে বলেই সোনারগাঁয়ে ডাকাতি বন্ধ হয়েছে। মানুষ সচেতন হলে অন্যান্য উপজেলায়ও এভাবে চুরি-ডকাতি প্রতিরোধ করা যায়।