লাঠিমিছিল করে পুলিশের সমাবেশে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় গতকাল পুলিশ আয়োজিত সমাবেশে বিভিন্ন এলাকা থেকে লাঠি হাতে অংশ নেন বহু লোক l ছবি: প্রথম আলো
নড়াইলের লোহাগড়ায় গতকাল পুলিশ আয়োজিত সমাবেশে বিভিন্ন এলাকা থেকে লাঠি হাতে অংশ নেন বহু লোক l ছবি: প্রথম আলো

জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করে এবার নড়াইলের লোহাগড়ায় জনতার হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দিয়েছে পুলিশ। এর আগে লোকজন লাঠিমিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।
গতকাল মঙ্গলবার লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে সমাবেশে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির উজ জামান উপজেলার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দেন। সমাবেশ শেষে ডিআইজির নেতৃত্বে একটি লাঠিমিছিল বের হয়। মনির উজ জামান সমাবেশে বলেন, ‘আত্মরক্ষার অধিকার আপনাদের আছে। দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারায় এটি বলা আছে।’
ডিআইজি বলেন, ‘কিছু জ্ঞানপাপী জনগণের হাতে বাঁশের লাঠি তুলে দেওয়া নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। সেই জ্ঞানপাপীদের প্রশ্ন করতে চাই, Ñযখন পুরোহিত, স্কুল-কলেজের শিক্ষক ও সাধারণ মানুষকে হত্যা করা হয়, তখন আপনাদের বুকে ব্যথা লাগে না? কুলাঙ্গারদের বিরুদ্ধে অভিযান চালালে আপনাদের মায়াকান্না শুরু হয়? যাঁরা নিজেদের বুদ্ধিজীবী দাবি করেন, রাত জেগে টেলিভিশনে ইনিয়ে-বিনিয়ে কথা বলেন, আন্তর্জাতিক প্রভুদের পদলেহন করেন, তাঁদের সতর্ক করে বলতে চাই,Ñকোথায় ছাড় দিতে হবে, কোথায় আইন প্রয়োগ করতে হবে, তা আমাদের জানা আছে। মধ্যরাতের টেলিভিশন ছেড়ে আপনারা জনতার কাতারে এসে দাঁড়ান।’
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি মো. একরামুল হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।
বেলা ১১টায় শহরের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভার আয়োজন করে পুলিশ। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত লোকজনের হাতে লাঠি ও বাঁশি তুলে দেন মনির উজ জামান।