ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গাড়িতে আগুন ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের প্রতিরোধ করতে লাঠি হাতে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে পুলিশ ও ব্যবসায়ী নেতারা। গতকাল চট্টগ্রাম চেম্বারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম চেম্বার আয়োজিত সভায় মহাসড়কে নৈরাজ্য নিরসনে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন ব্যবসায়ীরা। এতে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। চেম্বার সভাপতি বলেন, সীতাকুণ্ডে নৈরাজ্যের কারণে ঢাকা থেকে তৈরি পোশাকশিল্পসহ রপ্তানিপণ্যবাহী গাড়ি চট্টগ্রামে আনা যাচ্ছে না। ফলে রপ্তানি-বাণিজ্যে ধস নামতে পারে।
বৈঠকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) নওশের আলী খান বলেন, মহাসড়কে নিরাপত্তার জন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তবু প্রতিটি গাড়ির শ্রমিকদের সঙ্গে লাঠি রাখার আহ্বান জানিয়ে বলেন, দুষ্কৃতকারীর সংখ্যা সাত-আটজনের বেশি নয়। লাঠি হাতে শ্রমিকেরা প্রতিরোধ করলে কেউ গাড়িতে আগুন ও ভাঙচুর করার সাহস পাবে না। পুলিশ কমিশনার শফিকুল ইসলামও একই অভিমত ব্যক্ত করেন।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক বলেন, ‘যেসব রাজনৈতিক নেতা মহাসড়কে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন, তাঁদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে পরিবহনশ্রমিকদের হামলা করার আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে আমরা পরিকল্পনাকারীদের ঠিকানা শ্রমিকদের হাতে তুলে দেব।’
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক ও চেম্বার পরিচালক সৈয়দ ছগীর আহমেদ সহিংসতার নেপথ্যে জড়িত গডফাদারদের দ্রুত বিচার আইনে বিচারের এবং সহিংসতাপূর্ণ এলাকায় ১৪৪ ধারা জারির প্রস্তাব দেন। চেম্বারের পরিচালক মাহবুবুল হক চৌধুরী বলেন, সীতাকুণ্ডে শুধু নৈরাজ্য নয়, এখন মানবিক বিপর্যয় ঘটেছে। অ্যাম্বুলেন্সও আসা-যাওয়া করতে পারছে না।