লাঠিখেলা ও জামাই মেলায় নির্মল আনন্দ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামে গতকাল রোববার অনুষ্ঠিত ঐতিহ্যবাহী লাঠিখেলা ও জামাই মেলা এলাকাবাসীর মিলনমেলায় পরিণত হয়েছিল।সরেজমিনে দেখা গেছে, মেলা উপলক্ষে দেওগ্রামে প্রায় ৩০-৪০ হাজার মানুষের সমাগম ঘটেছে। গ্রামের চারটি স্থানের প্রতিটিতে দিনভর পালাক্রমে ১৬ জন করে লাঠিখেলায় মত্ত থাকেন। গ্রামে আসা লোকজনের মোটরসাইকেল, রিকশা, ভ্যান গাড়ি রাখার জন্য প্রায় ১০০ গ্যারেজ স্থাপন করা হয়েছে। মেলায় প্রসাধনী, চুড়ি, ফিতা, খেলনা, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, নানাজাতের মিঠাই মিষ্টান্নসহ নানা পণ্যের সহস্রাধিক দোকান বসেছে। সবাই উচ্ছল, উচ্ছ্বাস ও আনন্দভরে লাঠিখেলা, নাগরদোলাসহ নানা আনন্দ অনুষ্ঠান উপভোগ করছেন।গ্রামবাসী সূত্রে জানা গেছে, দেওগ্রাম এলাকার মুসলমানরা দুর্গাপূজার মেলার পাশাপাশি একটি মেলা বসানোর উদ্যোগ নেয়। এ উপলক্ষে গ্রামের পরিত্যক্ত মাঠে লাঠিখেলা প্রদর্শনের আয়োজন করে। লাঠিখেলা দেখতে আসা দর্শকদের সমাগমে ক্রমান্বয়ে তা মেলায় রূপ নেয়। মেলাটি ‘দেওগ্রাম লাঠিখেলা ও জামাই মেলা’ নামে জনপ্রিয়তা লাভ করে।এ উপলক্ষে এ অঞ্চলের ৩০-৪০টি গ্রামের মানুষ তাঁদের মেয়ে ও জামাইদের দাওয়াত করে বাড়িতে আনেন। বারইল গ্রামের শিক্ষক আবু হোসেন বলেন, মেলা শেষ হলেও জামাই ও আত্মীয়স্বজনেরা দুই-তিন দিন বেড়ান। জামাই ও অতিথি আপ্যায়নে তাঁরা তাঁদের সাধ্যমতো গরু, মহিষ এবং খাসি জবাই করেন। গ্রামের পঞ্চাষোর্ধ্ব বয়সী লাঠি খেলোয়াড় ছইমুদ্দিন জানান, ৩০ থেকে ৩৭ বছর ধরে তিনি এ লাঠিখেলার সঙ্গে জড়িত। পুরস্কারও পেয়েছেন অনেক। সেই শৈশব থেকেই তিনি এ মেলা দেখে আসছেন। কৈশোরে এসে এ খেলা শেখার পর থেকে নিজেই প্রতিবছর মেলার সময় লাঠিখেলায় অংশ নেন। তাঁর বাবাও এ খেলা খেলতেন। গ্রামের শিক্ষক মছির উদ্দীন জানান, বাংলা ১৩৩৯ সন থেকে দেওগ্রামে লাঠিখেলার মেলা হয়ে আসছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার বলেন, এ মেলা এলাকার পল্লি-সাহিত্যের নিদর্শন ও এলাকার ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে।