ছিটমহলে পতাকা ওড়াবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পত্রিকায় এ খবর প্রকাশের পর মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্তে বসবাসকারী লোকজন আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।এ ব্যাপারে গতকাল সোমবার বিজিবি ও বিএসএফ কর্মকর্তা পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিজিবির কর্মকর্তারা বিষয়টিকে ‘গুজব’ উল্লেখ করে লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর থেকে জানা গেছে, লাঠিটিলা সীমান্তের ১৩৯৭ নম্বর প্রধান খুঁটি থেকে ১৪০০ নম্বর প্রধান খুঁটির ২ নম্বর আর বি (বাংলাদেশ অংশের খুঁটি) এবং ১ নম্বর আর আইয়ের (ভারত অংশের খুঁটি) মধ্যবর্তী এলাকায় কোনো সীমান্ত খুঁটি নেই। সেখানকার প্রায় ১২০ একর জায়গার মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে। জায়গাটি বাংলাদেশের দখলে রয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দল বিরোধপূর্ণ জায়গা জরিপ করে। এতে জায়গাটি বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে দেখা যায়।এলাকার অনেকে জানান, টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে গত ৩০ জুন বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বলা হয়, ৩০ জুলাই (আজ মঙ্গলবার) ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে ১০ হাজার লোকের সমাবেশ করবে বিজেপি। এরপর লাঠিটিলা-ডোমাবাড়ী ছিটমহলে প্রতীকী ভারতীয় পতাকা ওড়ানো হবে। ওই সংবাদের পর থেকে লাঠিটিলা-ডোমাবাড়ী সীমান্তে বসবাসকারী অনেক লোক আতঙ্কে বাড়ি ছাড়ে।লাঠিটিলার বাসিন্দা আবদুল আলিম বলেন, ‘ইন্ডিয়ার মানুষ জায়গা দখল করি নিব—এই ভয়ে বয়স্ক, শিশু আর মহিলারারে বাড়ি থাকি সরাই দেওয়া অইছে।’বিজিবি জানায়, গতকাল বিকেলে এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বিজিবির জুড়ী কোম্পানি সদরের অধিনায়ক সুবেদার আবদুস সালাম বলেন, ‘পতাকা বৈঠকে পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যতা সম্পর্কে বিএসএফের কর্মকর্তাদের কাছে জানতে চাই। তাঁরা বলেছেন, এটা গুজব। বৈঠকের পর এলাকার লোকজনকে জড়ো করে গুজবে আতঙ্কিত না হতে বলেছি।’