লাঠিপেটা করে আ.লীগের সভায় ওসির ক্ষমাপ্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় গতকাল বৃহস্পতিবার মাইকে ক্ষমা চাইলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন। আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রায় লাঠিচার্জ করার কারণে এ ক্ষমাপ্রার্থনা করেন।
লক্ষ্মীপাশার আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের আয়োজনে এ জনসভা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ ফয়জুল আমিরসহ বক্তৃতা করেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহামঞ্চদ আলী প্রমুখ।
দলীয় সূত্রে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ নির্বাচনী জনসভায় যোগ দিতে নলদী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন ১০০-১৫০ মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে আসেন। শোভাযাত্রাটি লক্ষ্মীপাশা মোল্লার মাঠে পৌঁছালে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান ও সজলের নেতৃত্বে পুলিশ তাতে লাঠিচার্জ করে। জনসভায়বক্তৃতা দিতে গিয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি দৌলত আহমেদ খান লাঠিপেটার কারণে ওসিকে জনসভায় এসে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন।
মাগরিবের নামাজের জন্য ১০ মিনিট জনসভা বিরতির পর শুরুতেই ওসি আলমগীর হোসেন মাইক নিয়ে বলেন, ‘ওই লাঠিচার্জের জন্য আমি ক্ষমা চাচ্ছি। এসপির সঙ্গে কথা বলেছি। জড়িত দুই পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করার প্রক্রিয়া চলছে।’ এরপর ওই নির্বাচনী জনসভার মঞ্চে বসে তিনি বক্তৃতা শোনেন।
ওসি আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি মঞ্চে গিয়ে মাইকে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি।’ নির্বাচনী জনসভা ও শোভাযাত্রায় আচরণবিধি লঙ্ঘন হয় কি না, এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এগুলো করা যাবে। ১৫ মার্চ এ উপজেলায় নির্বাচন হবে।’ নড়াইলের পুলিশ সুপার মো. মনির হোসেন বলেন, ‘ওই দুই এসআইকে ক্লোজ করা হয়েছে।’