লাঠিপেটা নয়, লাঠির খেলা
শিল্পকলা একাডেমী চত্বরে সুনসান নীরবতা। পাশের সড়ক দিয়ে ছুটে যাওয়া দু-একটি যানবাহনের চলার আওয়াজ আর মাঝেমধ্যে পাখির ডাক ভেসে আসছিল। হঠাৎ সচকিত হয়ে উঠল পরিবেশ। কাঁসার কলসের মুখে কাঁসার থালা চেপে তালে তালে লাঠি ঠুকছেন একজন। তাঁর সঙ্গে তাল মেলানো ঢালের বোল। খানিক পরই শুরু হয়ে গেল দুই পক্ষে লাঠালাঠি। তবে এতে হতাহত হওয়ার আশঙ্কা ছিল না, লাঠিপেটা করার উদ্দেশ্য ছিল না কোনো পক্ষেরই। এটি ছিল নির্মল আনন্দ জোগানোর লাঠিখেলা। গতকাল রোববার গ্রাম-বাংলার আবহমানকালের ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজনটি শুরু হয়েছিল এভাবেই। বিলুপ্তপ্রায় লাঠিখেলাকে নতুন করে নগরবাসীর কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমী ও সাধনা উপমহাদেশীয় সংগীত ও নৃত্য প্রসার কেন্দ্র। সহায়তা দিচ্ছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। ‘চলো লাঠি খেলি’ নামে চলবে বছরব্যাপী কর্মশালা। গতকালের লাঠিখেলা ছিল তারই সূচনা। অংশ নিয়েছিল মানিকগঞ্জের একটি দল। একপক্ষে ছিলেন বয়োবৃদ্ধ এবং অন্য পক্ষে তরুণ খেলোয়াড়েরা। কর্মশালা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের পর এই লাঠিখেলার আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রবির সিএমও বিদ্যুৎ কুমার বসু প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে জানানো হয়, ১ মে থেকে দেশব্যাপী শুরু হবে এ আয়োজন। আগ্রহী ব্যক্তিদের লাঠিখেলার কৌশল শেখানো হবে। প্রথমে সব বিভাগীয় শহরে এবং পরে জেলায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। পাশাপাশি জাতীয় লাঠিমেলা, এ বিষয়ে গোলটেবিল আলোচনা, খেলোয়াড়দের তালিকা তৈরিসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।আইটিআই উৎসববাংলাদেশে দশমবারের মতো আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের দ্বিবার্ষিক উৎসব আয়োজন করা হচ্ছে। ১৫ এপ্রিল বৃহস্পতিবার দ্বিবার্ষিক আন্তর্জাতিক নাট্যোৎসব, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনী উদ্বোধন হবে। উৎসবের মূল ভাবনা ‘নতুন বাস্তবতা নতুন থিয়েটার’। যৌথভাবে আয়োজন করছে আইটিআই বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অ ায়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, লায়লা হাসান, দেব প্রসাদ দেবনাথ এবং শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। ১৪ এপ্রিল বুধবার আইটিআইয়ের বিশ্ব নির্বাহী পরিষদের ১৩০তম অধিবেশন অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সম্মেলনকক্ষে। এ উপলক্ষে আইটিআইয়ের বিশ্ব নির্বাহী পরিষদের নেতারা ঢাকায় আসছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, নাট্যোৎসবে অংশ নিতে সিঙ্গাপুর থেকে আসছে চাইনিজ অপেরা ইনস্টিটিউট ও কলকাতার মণিরথ গ্রুপ থিয়েটার।সম্মাননা পেলেন মামুনুর রশীদ ও শিমূল ইউসুফপদাতিক নাট্য সংসদের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব শেষ হয়েছে গতকাল। উৎসবের শেষ দিনে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা দেওয়া হয়েছে নাট্যজন মামুনুর রশীদ ও শিমূল ইউসুফকে। সন্ধ্যায় তাঁদের হাতে সম্মাননা পদক তুলে দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।