লাঠিপেটায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
সিলেটের জৈন্তাপুরে জেসমিন বেগম নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার গর্দ্দনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ওই গৃহবধূর স্বামী আবদুল গণিকে (৩০) গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গর্দ্দনা গ্রামের আবদুল গণির সঙ্গে নয় মাস আগে গোয়াইনঘাট উপজেলার কোটাপাড়া গ্রামের ময়না মিয়ার মেয়ে জেসমিনের বিয়ে হয়। বিয়ের আগ থেকেই গণি বেকার ছিলেন। গতকাল সকাল সাতটায় তিনি ঘুম থেকে উঠে নাশতা চাইলে জেসমিনের সঙ্গে তাঁর বচসা হয়। এতে খেপে গিয়ে তিনি জেসমিনকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে মাথায় লাঠির আঘাত লাগলে জেসমিন মারা যান। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমশেদ আলম জানান, এ ঘটনায় জেসমিনের বাবা ময়না মিয়া বাদী হয়ে আবদুল গণির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ গণিকে গ্রেপ্তার করেছে। জেসমিনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।