লাঠির আঘাতে শিক্ষকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শিতলী গ্রামে গতকাল রোববার চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে খান মোহাম্মদ আলাউদ্দিন (৫৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আলাউদ্দিন স্থানীয় হাট-ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, পারিবারিক বিষয় নিয়ে খান মোহাম্মদ আলাউদ্দিনের সঙ্গে তাঁর চাচাতো ভাই খান মোহাম্মদ মোস্তাক হোসেনের কলহ চলছিল। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উভয় পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তাক হোসেনের লাঠির আঘাতে আলাউদ্দিন গুরুতর আহত হন। এ সময় তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কেউ মামলা করতে আসেনি।