লাঠিয়ালদের লাল নিশান উদ্বিগ্ন ৫ চরের কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পাঁচটি চরে লাঠিয়াল বাহিনীর মহড়ায় আতঙ্কিত কৃষকেরা। লাঠিয়াল বাহিনী অনেক কৃষককে আবাদকৃত আমন ধান কাটতে নিষেধ করেছে। এ জমিতে লাগিয়েছে তারা লাল কাপড়ের নিশান। জমি থেকে ধান কাটতে গেলে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের হুমকি দিচ্ছে। ইতিমধ্যে ১০ জন কৃষকের মাঠের ধান লুটে নিয়েছে। ফসল লুট ও সংঘর্ষের আশঙ্কায় চরের মানুষ নিদ্রাহীন রাত কাটাচ্ছেন। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মদদ থাকায় জোতদারেরা বিনা বাধায় প্রতিবছর চরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।সরেজমিনে চরকাছিয়ার কামরুল হোসেন ও কানি বগারচরের আবদুল আজিজসহ কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর খেয়ে না-খেয়ে যে জমিতে তাঁরা আমন চাষ করেন, সে জমির পাকা ধান লাঠিয়াল বাহিনী নিয়ে যায়। বাধা দিতে গেলে মাথার রক্ত ঝরে। সব সময় ক্ষমতাসীন দলের নেতারা চরগুলো নিয়ন্ত্রণ করেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে চরের কৃষকদের ধান লুটসহ নানাভাবে হয়রানি করেন বিএনপি-যুবদলের নেতারা। ক্ষমতার পালাবদলের পর পরই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা চরের নিয়ন্ত্রণ নিয়ে নেন। লাঠিয়াল বাহিনী কৃষকের কাছ থেকে উৎপাদিত ফসলের তিন ভাগের এক ভাগ দাবি করছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার চরকাছিয়া, কানি বগারচর, চর ইন্দুরিয়া, ঘাসিয়ারচর ও চরজালিয়ায় এবার তিন হাজার ৬০০ হেক্টর জমিতে আমন চাষ হয়। চরগুলোতে আমনের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ১০ শতাংশ জমির ধান কাটা হয়েছে।মুক্তিযোদ্ধা আবুল খায়ের ও আবদুর রশিদ প্রথম আলোকে জানান, তাঁদের সরকার চরকাছিয়ায় এক একর করে জমি বন্দোবস্ত দেয়। ওই জমিতে কয়েক বছর ধরে তাঁরা ফসল করেন। এ বছরও আমন আবাদ করেন। কয়েক দিন আগে হঠাৎ লাঠিয়ালেরা জমিটি দখল করে নেয় এবং জমিতে আর না যেতে হুমকি দেয়। ঘাসিয়ারচরের কৃষক আলী আহামঞ্চদ জানান, এ চরে তাঁর দুই একর জমি রয়েছে। আবাদকৃত আমন ফসল তাঁকে কাটতে নিষেধ করছেন যুবলীগের নেতা ফজল ভহদর। তিনি জমিতে লাল কাপড়ের পতাকা লাগিয়ে দিয়েছেন।৮ নম্বর চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘আমন মৌসুমে চরে চলছে নীরব সন্ত্রাস। ইতিমধ্যে ১০ জন কৃষকের ধান কেটে নিয়ে গেছে বলে শুনেছি। অভিযোগ নিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে গেলে অর্থনৈতিকসহ নানা হয়রানির শিকার হতে হয় কৃষকদের।’চরবংশী ইউনিয়ন যুবলীগের সদস্য ফজল ভহদর বলেন, ‘আমন ধান লুট বা চাঁদা আদায়ের সঙ্গে আমি জড়িত নই। চরের কিছু জমির আমি মালিক। ওই সব জমি যাঁদের দখলে আছে সেগুলো আমার দখলে আনার চেষ্টা করছি।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী বলেন, চরের ধান কাটাসংক্রান্ত আদালত থেকে থানায় বেশ কয়েকটি অভিযোগ এসেছে। চরের সন্ত্রাস রোধে পুলিশ তৎপর রয়েছে।রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলালচন্দ সূত্রধর বলেন, কৃষকের উৎপাদিত ধান কৃষকই কাটবেন। অন্য কেউ কাটতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।