লাঠি-বাঁশি হাতে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝরাতের কনকনে ঠান্ডায় কিছুক্ষণ পর পর একসঙ্গে বাঁশি বেজে উঠছে। একসঙ্গে থাকা ২০-২৫ জনের একটি দলের সবার হাতেই রয়েছে একটি করে লাঠি। দল বেঁধে তাঁরা গ্রামের চারদিক ঘুরে পাহারা দিচ্ছেন।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোর রাতের চিত্র এটি। চুরি-ডাকাতি ঠেকাতে গ্রামের বাসিন্দারাই রাতে পর্যায়ক্রমে পাহারা দিচ্ছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে এ পাহারা চলছে। সম্প্রতি চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় থানার পুলিশ ওই পাহারার ব্যবস্থা করেছে। এর পর থেকে ওই গ্রামগুলোতে চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি বলে বাসিন্দারা জানিয়েছেন।
পুলিশ, গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত নভেম্বরে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। কয়েক দিনে চারটি বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা ৩০ লাখেরও বেশি টাকার মালামাল লুট করে। এসব ঘটনায় থানায় দায়ের করা মামলায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোনো মালামাল উদ্ধার হয়নি।
এ অবস্থায় এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে গ্রামে গ্রামে বৈঠক করেন। এসব বৈঠকে ওসি নিজ নিজ গ্রামের বাসিন্দাদের রাতের বেলায় পাহারা দেওয়ার অনুরোধ জানান। পরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যরা তাঁদের ওয়ার্ডে প্রতি রাতে পাহারার জন্য গ্রামবাসীদের নামের তালিকা করেন। সংশ্লিষ্ট ইউনিয়নের পাহারা তদারকির দায়িত্বে থাকা থানার উপপরিদর্শকেরা (এসআই) তালিকাটি যাচাই-বাছাই শেষে অনুমোদন দেন। পাহারার সুবিধার্থে থানা-পুলিশ গ্রামের লোকজনকে বাঁশি ও টর্চলাইট সরবরাহ করেছে। এর পাশাপাশি থানা-পুলিশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গ্রামে পাহারার তদারকি করছে।
গত ২০ নভেম্বর থেকে একযোগে উপজেলার তিলকপুর, রুকিন্দীপুর ও রায়কালি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে রাতে এই পাহারা শুরু হয়। রাত ১০টার পর থেকেই লাঠি ও বাঁশি নিয়ে ভোর পর্যন্ত পাহারা চলে।
তিলকপুর ইউপির চেয়ারম্যান আজাহার আলী জানান, তাঁর ইউনিয়নের প্রায় গ্রামেই রাতের বেলায় পাহারা দেওয়া হচ্ছে। থানা-পুলিশ রাতের বেলায় গ্রামগুলো ঘুরে ঘুরে পাহারার তদারকি করছে। পাহারা শুরুর পর ওই গ্রামগুলোতে চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপির চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে সকালে চুরি-ডাকাতির খবরে ঘুম ভাঙত। পাহারার ব্যবস্থা করার পর এখন আর সেটি শুনতে পাচ্ছি না।’
আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, তিনটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে রাতের বেলায় পাহারা চলছে। পুলিশ প্রতিরাতেই গ্রামগুলোতে পাহারার তদারকি করছে।