লাতিন দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সাহিত্য ও সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এই উদ্দেশ্যে ঢাকায় লাতিন দেশগুলোর একটি সাংস্কৃতিক কেন্দ্র চালু করা যেতে পারে।
গতকাল রোববার লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সম্ভাবনা নিয়ে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ অভিমত দেন।
সেমিনারে ঢাকায় অবস্থিত ব্রাজিলের রাষ্ট্রদূত এবং দিল্লিতে অবস্থিত অন্য আট অনাবাসিক দূতাবাসের রাষ্ট্রদূতেরা অংশ নেন। ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গবেষকেরা সারা দিনের সেমিনারের তিনটি অধিবেশনে অংশ নেন। পরে রাষ্ট্রদূতেরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিসের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। স্বাগত বক্তৃতা দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহিম।
সমাপনী অধিবেশনে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক লাতিন আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘শ্লথগতিতে চলা ট্রেনের মতো’ বলে মন্তব্য করেন। তাঁর মতে, এ জন্য ভাষাগত সমস্যা, ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা এবং বাংলাদেশ সম্পর্কে সঠিক ধারণার অভাব—এ তিনটি প্রধান কারণ।
এ সময় বাংলাদেশে মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত মেলবা প্রিয়া, পেরুর অনাবাসিক রাষ্ট্রদূত হোসে বেতানকোর্ট ও ভেনেজুয়েলার অনাবাসিক রাষ্ট্রদূত অগাস্তো মন্তিয়েল বাংলাদেশে একটি লাতিন সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্র হতে পারে এবং এ জন্য বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূতেরা।
মেক্সিকোর রাষ্ট্রদূত মেলবা প্রিয়া বলেন, ‘লাতিন আমেরিকায় বাংলাদেশের নতুন করে ব্র্যান্ডিংয়ের প্রয়োজন নেই। নানা ক্ষেত্রে সাফল্য অর্জনের কারণে ইতিমধ্যেই বিশ্বপরিমণ্ডলে বাংলাদেশ জায়গা করে নিয়েছে।’
আরও বক্তৃতা করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, আইসিসিসিডির পরিচালক সালিমুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক–বিষয়ক মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহ, ব্রাজিলের রাষ্ট্রদূত ভাঞ্জা কাম্পুস দা নব্রেগা, বাংলাদেশের ডমিনিকান প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ফ্র্যাঙ্ক হানস দানেনবার্গ কাস্তেলানোস, কলম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মনিকা লানজেতা মুতিস, ইকুয়েডরের অনাবাসিক রাষ্ট্রদূত মেন্তর ভিলাগোমেজ প্রমুখ।