লাতিনদের সঙ্গে সম্পর্ক জোরদারে সংস্কৃতি-বাণিজ্যে গুরুত্বারোপ
লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সাহিত্য ও সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি ব্যবসা ও বাণিজ্যের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এই উদ্দেশ্যে ঢাকায় লাতিন দেশগুলোর একটি কেন্দ্রও চালু করা যেতে পারে।
আজ রোববার লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সম্ভাবনা নিয়ে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এই অভিমত দেন।
বিস আয়োজিত সেমিনারে ঢাকায় অবস্থিত ব্রাজিল দূতাবাসের রাষ্ট্রদূত এবং দিল্লিতে অবস্থিত অন্য আট অনাবাসিক দূতাবাসের রাষ্ট্রদূতেরা অংশ নেন। এ ছাড়া ব্যবসায়ী, শিক্ষাবিদ, গবেষকেরা সারা দিনের সেমিনারের তিনটি কর্ম অধিবেশনে অংশ নেন। সেমিনার শেষে ওই নয়জন রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
বিসের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। স্বাগত বক্তৃতা দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহিম।
সমাপনী অধিবেশনে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক লাতিন আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শ্লথ গতিতে চলা ট্রেনের মতো বলে মন্তব্য করেন। তাঁর মতে, ভাষাগত সমস্যা, ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা এবং বাংলাদেশের সম্পর্কে সঠিক ধারণার অভাব তিনটি প্রধান কারণ। এই সম্পর্ক ভবিষ্যতে জোরদার করার পক্ষে মত দেন তিনি।
এ সময় বাংলাদেশে মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত (দিল্লিতে বসে সম্পর্ক দেখভাল করেন) মেলবা প্রিয়া, পেরুর রাষ্ট্রদূত হোসে বেতানকোর্ট ও ভেনেজুয়েলার রাষ্ট্রদূত অগাস্তো মন্তিয়েল বাংলাদেশে একটি লাতিন সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্র হতে পারে এবং এ জন্য বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূতেরা। এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই-এর সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, আগামী একুশে বইমেলায় লাতিন দেশগুলোর দুই-তিনজন গবেষককে আমন্ত্রণ জানানো হবে। ঢাকায় আয়োজিত সাহিত্য উৎসবে লাতিন সাহিত্যিকদের অংশ নেওয়ার প্রস্তাব করেন তিনি।
এর আগে দিনের প্রথম কর্ম অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের জনগণ অনেক আগে থেকেই লাতিন আমেরিকার সাহিত্যের সঙ্গে পরিচিত। আর সাহিত্য হচ্ছে জনগণের মনের জানালা উন্মোচনের বড় ক্ষেত্র। তাই আমরা সাহিত্য ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে সম্পর্ক নিবিড় করার ওপর জোর দিতে পারি। সম্পর্ক বাড়ানোর স্বার্থে ভিসা প্রক্রিয়া সহজ করা, ফ্লাইট চালুসহ অন্য বিষয়গুলোতেও গুরুত্ব দিতে হবে।’
মেক্সিকোর রাষ্ট্রদূত মেলবা প্রিয়া বলেন, ‘লাতিন আমেরিকায় বাংলাদেশের নতুন করে ব্র্যান্ডিংয়ের প্রয়োজন নেই। নানা ক্ষেত্রে সাফল্য অর্জনের কারণে ইতিমধ্যেই বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ জায়গা করে নিয়েছে। আমার শৈশবে বাংলাদেশ নিয়ে যে স্মৃতি রয়েছে, সেখান থেকে গত চার দশকে বাংলাদেশের ব্যাপক উত্তরণ হয়েছে। শৈশবে আন্তর্জাতিক রেড ক্রসের পক্ষে বাংলাদেশের দুর্গত জনগণের জন্য চালের বস্তা বহন করেছিলাম। আর সেই বাংলাদেশ এখন শুধু নিজেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয়, উদ্বৃত্ত খাদ্য রপ্তানিও শুরু করেছে।’ তিনি বলেন, দিল্লি ফিরে তিনি বাংলাদেশে গাড়ি ও পোশাক শিল্প খাতে কীভাবে বাণিজ্য বাড়ানো যায় তা যাচাই করে দেখতে তাঁর দেশের বাণিজ্য কাউন্সিলরকে বাংলাদেশে পাঠাবেন। বাংলাদেশ মেক্সিকোতে দূতাবাস খুলেছে। এর মাধ্যমে বাংলাদেশের একটি বাণিজ্য দল তাঁর দেশ সফর করতে পারে।
বাংলাদেশে ভেনেজুয়েলার অনাবাসিক রাষ্ট্রদূত অগাস্তো মন্তিয়েল বলেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ঢাকা সফরের প্রস্তাব দেওয়া হবে। বাংলাদেশের সঙ্গে তেল, গ্যাস, পেট্রোকেমিক্যালসহ জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে পরিকল্পনার প্রেক্ষাপটে এই সফর হতে পারে। তিনি বলেন, নিকোলা মাদুরোর ভারত সফরের সময়ে এ সফর হতে পারে। তবে ভারত সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ এর আগে দুবার বাংলাদেশ সফরে এসেছিলেন।
সেমিনারে আরও বক্তৃতা করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, আইসিসিসিডির পরিচালক সালিমুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহ, ব্রাজিলের রাষ্ট্রদূত ভাঞ্জা কাম্পুস দা নব্রেগা, বাংলাদেশের ডোমেনিকান প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ফ্র্যাঙ্ক হানস দানেনবার্গ কাস্তেলানোস, কলম্বিয়ার রাষ্ট্রদূত মনিকা লানজেতা মুতিস, ইকুয়েডরের রাষ্ট্রদূত মেন্তর ভিলাগোমেজ প্রমুখ।