লাতু বড়ুয়ার পরিবারের বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কে সি দে রোডের জমি নিয়ে বিরোধের ঘটনায় এবার লাতু বড়ুয়াসহ তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে মামলাটি করেন বেলায়েত হোসেন নামের এক ঠিকাদার। আদালত অভিযোগটি আমলে নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনারকে (গোয়েন্দা) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন: কে দি রোডের বাসিন্দা অমল বড়ুয়া ওরফে লাতু বড়ুয়া (৫০), তাঁর স্ত্রী ঝিনু বড়ুয়া (৪২), ছেলে রাজু বড়ুয়া (২২) ও ভাতিজা সুব্রত বড়ুয়া (৩৮)। বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, জমিটির মালিক সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন। তবে মামলার বাদী ঠিকাদার বেলায়েত হোসেন।আদালত সূত্র জানায়, মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে বেলায়েত হোসেন কে সি দে রোডের ওই জমিতে হাসিনা মহিউদ্দিনের পক্ষে ভবন নির্মাণের জন্য ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছেন। অভিযোগে বলা হয়, গত ১৫ নভেম্বর সকালে বাদী ও তাঁর নিয়োগ দেওয়া শ্রমিকেরা ওই জমিতে গেলে লাতু বড়ুয়া ও অন্য আসামিরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁরা কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এরপর ১৭ নভেম্বর বিকেলে আবার নির্মাণকাজ শুরু করতে চাইলে আসামিরা বাধা দেন এবং আবার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা শ্রমিকদের মারধর করেন।বাদীর আইনজীবী জানান, আসামিদের বিরুদ্ধে মারধর, চাঁদা দাবি ও জোর করে ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্র জানায়, নগরের কে সি দে রোডের মা-মণি হোটেলের মালিক চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন। হোটেলসংলগ্ন তিন গন্ডা জমির মালিক দাবিদার লাতু বড়ুয়া। ওই জমিতে দুটি আধা পাকা দোকান ও লাতু বড়ুয়ার পাকা ঘর আছে। ওই জমির মালিকানা নিয়ে আদালতে একটি মামলাও আছে। গত শনিবার সন্ধ্যায় হাসিনা মহিউদ্দিনের লোকজন জমির সীমানা নির্ধারণ করতে গেলে দুই পক্ষে বিরোধ হয়। ওই দিন বিকেলে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ষষ্ঠ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। নগরের পলোগ্রাউন্ড মাঠে ওই অনুষ্ঠান চলাকালে মন্ত্রীর মুঠোফোনে একটি কল আসে। ওই সময় শিল্পমন্ত্রী মঞ্চ থেকে নেমে লাতু বড়ুয়ার পরিবারকে জোর করে উচ্ছেদ করা হচ্ছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।