লাথি মেরে মাকে হত্যার পর ছেলেকে নিয়ে যায় সন্ত্রাসীরা
‘“আমার ছেলেকে ছেড়ে দেও। আর কত সর্বনাশ করবে। তিন ছেলেকে তো শেষ করেছ।” বাবাকে সন্ত্রাসীদের কাছ থেকে ছাড়িয়ে নিতে সন্ত্রাসীদের পা জড়িয়ে এভাবে আকুতি জানিয়েছিলেন আমার দাদি হাজেরা বেগম (৯০)। কিন্তু সন্ত্রাসীরা তাঁকে লাথি মারলে লুটিয়ে পড়েন তিনি। মারা যান তখনই। এরপর সন্ত্রাসীরা আমার বাবাকে নিয়ে যায়। দুই দিন ধরে বাবার কোনো হদিস পাচ্ছি না।’থানা-পুলিশ ও র্যাবের কাছে ধরনা দিয়ে কোনো সহায়তা না পেয়ে প্রথম আলোর এ প্রতিবেদকের কাছে এভাবেই আকুতি জানান ঢাকার সাভার পৌরসভার কোটবাড়ি এলাকার বাসিন্দা সুরুজের (৫০) মেয়ে ময়না আক্তার। ময়না জানান, গত শনিবার রাত একটার দিকে সন্ত্রাসীরা তাঁদের বাড়িতে গিয়ে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলামাত্র পাঁচ সন্ত্রাসী তাঁর বাবা সুরুজকে ধরে ফেলে। তাঁদের হাতে হাতকড়া ও পিস্তলও ছিল। সন্ত্রাসীরা সুরুজকে নিয়ে যাওয়ার সময় তাঁর দাদি হাজেরা বেগম সন্ত্রাসীদের পা জড়িয়ে ধরেন। কিন্তু সন্ত্রাসীরা তাঁকে লাথি মারলে হাজেরা বেগম ঘটনাস্থলেই মারা যান। তখন তাঁর বাবাকে নিয়ে যায় সন্ত্রাসীরা। এর পর থেকে গত দুই দিন অনেক খোঁজাখুঁজি করেও বাবার কোনো খোঁজ পাননি ময়না। ময়না অভিযোগ করেন, ‘সাভার থানা ও র্যাব ক্যাম্পে গিয়ে আমার বাবাকে উদ্ধারের জন্য কোনো সহায়তাও পাইনি।’অপহূত সুরুজের স্ত্রী মিনা বেগম জানান, তাঁদের গ্রামের বাড়ি পাবনার আতাইকুলা উপজেলায়। তাঁর স্বামীরা সাত ভাই। এর মধ্যে চাঁদ নামের এক ভাই সন্ত্রাসীদের হাতে খুন হন ২০০২ সালে। ২০০৬ সালে খুন হন আরেক ভাই আবু সাঈদ। ২০০৭ সালে খুন হয় ছোট ভাই আব্দুল খালেক। চাঁদ খুন হওয়ার পর তাঁরা সাভারে চলে আসেন।সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাফর ইকবাল বলেন, ‘মৌখিকভাবে বিষয়টি অবগত হয়ে আমি গতকাল সোমবার কোটবাড়ি এলাকায় যাই। প্রাথমিক তদন্তে জানা যায়, কয়েকজন সন্ত্রাসী সুরুজকে অপহরণ করে নিয়ে গেছে। এ সময় সন্ত্রাসীদের লাথির আঘাতে তাঁর মা ঘটনাস্থলেই মারা যান।’ পাবনার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম বলেন, উপজেলার ভুলবাড়িয়া ও লক্ষ্মীপুর ইউনিয়ন সন্ত্রাসপ্রবণ এলাকা। ওই দুই ইউনিয়নে জনযু্দ্ধ, নকশালসহ তিনটি সন্ত্রাসী সংগঠন সক্রিয়। অপহূত সুরুজ ও তাঁর ভাইয়েরা সম্ভবত ওই সব সংগঠনের কোন্দলের শিকার।