লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, গ্রামীণ ব্যাংকের ব্যাখ্যা
‘৮১ বছরের বৃদ্ধ আবদুস সালামের মৃত্যুর কারণে অভিযুক্ত ইছাক উদ্দিনের বিচার হোক—এটা আমরা সবাই চাই। তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ইছাক উদ্দিনকে গ্রামীণ ব্যাংকের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকরি থেকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’ গত বুধবার গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম সমন্বয়) জান্নাত-ই-কাওনাইন স্বাক্ষরিত এক ব্যাখ্যায় এসব কথা বলা হয়েছে।টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখীপুর) আসনের সাংসদ শওকত মোমেন শাহজাহান গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে গ্রামীণ ব্যাংকের কর্মী ইছাক উদ্দিনের লাথিতে আবদুস সালামের মৃত্যু সম্পর্কে অভিযোগ করায় গ্রামীণ ব্যাংক এই ব্যাখ্যা দেয়।ব্যাখ্যায় বলা হয়েছে, সালাম গ্রামীণ ব্যাংকের সদস্য নন। আর ঘটনা সংঘটিত হয়েছে গ্রামীণ ব্যাংকের অফিস ছুটি হওয়ার পর। সালামের ছেলে গ্রামীণ ব্যাংকের একজন ভালো সদস্য। ইছাক তাঁর সঙ্গে ব্যাংকিং লেনদেন করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীও নন। ব্যাখ্যায় আরও বলা হয়েছে, ওই ঘটনার জের হিসেবে ২৬ আগস্ট থেকে অদ্যাবধি গ্রামীণ ব্যাংক কচুয়া সখীপুর শাখার সব কার্যক্রম বন্ধ রয়েছে। দুঃখজনক হলেও সত্য, এ ঘটনার সঙ্গে প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংক কোনো অবস্থাতেই সম্পৃক্ত নয়। দুজন ব্যক্তির ব্যক্তিগত বচসার কারণে এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনা ঘটে। শাখাটি বন্ধ থাকায় সম্মানিত সদস্যরা লেনদেন করতে পারছেন না এবং আমানতকারীরা তাঁদের টাকা ওঠাতে পারছেন না। শাখাটির দৈনন্দিন কার্যক্রম চালুর ব্যাপারে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংসদ শওকত মোমেনের সহযোগিতা চেয়েছে গ্রামীণ ব্যাংক।