লাফ দিয়েও রক্ষা পেল না প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়ক দিয়ে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকের ছাদে ছিল তিনজন শ্রমিক। পথে একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় প্রাণে বাঁচতে লাফ দেন ট্রাকের ছাদে থাকা তিন শ্রমিক। কিন্তু রক্ষা হয়নি। ট্রাকটি উল্টে গিয়ে শ্রমিকদের ওপরই গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান তাঁরা। আহত হন ট্রাকের চালক ও তাঁর সহকারী। 

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন পাবনা সদর উপজেলার নাজিরপুর হাটপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (২৩), রফিকুল ইসলামের ছেলে আল মামুন (২২) ও ইসলামপুর গ্রামের আস্তব আলীর ছেলে আল আমিন (২০)।

বনপাড়া হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর সোয়া ৩টার দিকে ট্রাকটি কদিমচিলান এলাকায় সাদিয়া পেট্রল পাম্পের কাছাকাছি পৌঁছালে ট্রাকটি মহাসড়কের উত্তর পাশের একটি খাদে উল্টে যায়। এ সময় ট্রাকের চালক ও তাঁর সহকারী বিপরীত দিকে লাফ দেওয়ায় তাঁরা প্রাণে বেঁচে যান। তবে ট্রাকের পেছনের অংশে থাকা তিন শ্রমিক উত্তর পাশে লাফ দিলে তাঁরা ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।

খবর পেয়ে দয়রামপুর ও লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও বনপাড়া থেকে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনাস্থলের পাশের বাসিন্দা খোকন আলী জানান, ট্রাকের নিচে চাপা পড়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন তাঁদের উদ্ধার করেন, তখন তারা মৃত।