লাফার্জ সিমেন্ট ভারত থেকে পাথর পাচ্ছে না
ভারতের মেঘালয় রাজ্যের জঙ্গল থেকে চুনাপাথর আহরণ ও বাংলাদেশে লাফার্জ সিমেন্ট কারখানায় ওই পাথর সরবরাহের ওপর আরোপিত স্থগিতাদেশ বহাল রেখেছেন ভারতের সুপ্রিম কোর্ট। গত শুক্রবার সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এ রায় দিয়েছেন। খবর বাসস ও ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের।ভারতের অ্যাটর্নি জেনারেল জি ই বাহানবতী স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টের প্রতি আবেদনে বলেন, এই নিষেধাজ্ঞার ফলে প্রতিবেশী বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে বাংলাদেশে সিমেন্ট উৎপাদন ব্যাহত হবে, যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।আবেদনে তিনি আরও বলেন, ‘এই নিষেধাজ্ঞা এমন একটি দেশের ক্ষেত্রে, যাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এতে করে ভয়াবহ সমস্যার সৃষ্টি হবে। ক্ষতিগ্রস্ত হবে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’তবে আবেদনের জবাবে ভারতের প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণান ও বিচারপতি এস এইচ কাপাডিয়া এবং আফতাব আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছেন, ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্য বিষয়গুলোও ঠিক আছে—তাই বলে বনের মধ্যে আমরা পাথরের খনি বানাতে দিতে পারি না।’একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত ৫ ফেব্রুয়ারি পাথর আহরণ ও রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দেন। আবেদনটি করে ‘শিলা জয়েন্ট অ্যাকশন কমিটি’ নামের আদিবাসীদের একটি সংস্থা।শিলা জয়েন্ট অ্যাকশন কমিটি অভিযোগ করে, ভারত সরকারকে ভুল তথ্য দিয়ে ফরাসি কোম্পানি লাফার্জ ওই অঞ্চল থেকে পাথর আহরণের পরিবেশগত অনুমতি জোগাড় করেছে।