লাফিয়ে বাড়ছে ‘মজুদ’ আলুর দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সব জাতের আলুর দাম বেড়ে দ্বিগুণেরও বেশি দরে কেনাবেচা হচ্ছে। তবে দাম বাড়লেও এর সুফল পাচ্ছেন না কৃষকেরা। কারণ, আলু এখন মধ্যস্বত্বভোগী মৌসুমি ব্যবসায়ী ও হিমাগার ব্যবসায়ীদের কবজায়। ফলে লাভের পুরোটা যাচ্ছে তাঁদের পকেটে।স্থানীয় কৃষকদের অভিযোগ, উৎপাদন মৌসুমে কারসাজির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে কৃষকের কাছ থেকে কম দামে বিপুল পরিমাণ আলু কিনে তা হিমাগারে মজুদ করেছেন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা। কৃষকের আলু ফুরানোর পর সেই ব্যবসায়ীরাই এখন কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে মোটা অঙ্কের মুনাফা লুটছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্র জানায়, গত উৎপাদন মৌসুমের শুরু থেকেই আলুর বাজারদরে বেশ মন্দাভাব বিরাজ করছিল। সে সময় কৃষকেরা দেশি আলু সর্বোচ্চ ২০০ এবং গ্রানুলা ও কার্ডিনাল আলু সর্বোচ্চ ১৮০ টাকা মণ দরে বিক্রি করতে পেরেছেন। মৌসুমের শেষের দিকে যেসব কৃষক আলু বিক্রি করেছেন, তাঁরা দাম পেয়েছেন মনপ্রতি গড়ে ৩০০ টাকা। বোরোর উৎপাদন খরচ জোগানো এবং হিমাগারে জায়গা না পাওয়ায় কৃষকেরা বীজ আলু হিমাগারে রেখে অবশিষ্ট সব আলুই বিক্রি করে দেন। আর সুযোগ বুঝে এসব আলু কম দামে কিনে হিমাগারে সংরক্ষণ করেন মৌসুমি আলু ব্যবসায়ী ও হিমাগারের মালিকেরা।হিমাগারের মালিক ও কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, উপজেলার ১০টি হিমাগারে এবার প্রায় এক লাখ টন বা সাড়ে ১১ লাখ বস্তা আলু সংরক্ষণ করা হয়েছে। স্থানীয় হাটবাজার ও হিমাগারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আলুর দাম বাড়তে শুরু করে। এপ্রিলের প্রথম সপ্তাহে স্থানীয় বাজার ও হিমাগারগুলোতে প্রতিমণ দেশি আলু ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা, কার্ডিনাল ৩০০ টাকা, গ্রানুলা জাতের আলু ২৫০ টাকা মণ দরে কেনাবেচা হলেও সেই আলুর দাম দ্বিতীয় সপ্তাহের মাথায় গড়ে প্রায় ৭০০ টাকা ছুঁয়েছে। সোমবার পুনট হাটে দেশি আলু ৬৮০ টাকা, গ্রানুলা ৫৭০ টাকা, লেডি রোজেটা ৫৮০ টাকা এবং কার্ডিনাল ৬৫০ টাকা মণ দরে কেনাবেচা হয়েছে।উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের কৃষক তোজাম্মেল হোসেন বলেন, ‘২৫ বিঘা জমিতে আলু আবাদ করেছিলাম। বোরোর সার, সেচ আর সংসার খরচ মেটাতে সস্তায় এসব আলু বিক্রি করতে হয়েছে। প্রতিমণ আলুর দাম পেয়েছি গড়ে ২৮৫ টাকা। অথচ ঘরের আলু বিক্রি শেষ হয়ে যাওয়ার পর এখন দাম উঠেছে প্রায় ৭০০ টাকা। আলুর দাম বাড়ায় রাতারাতি লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা।’আলু ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘এবার বাজার লাফিয়ে লাফিয়ে এতটা বাড়বে এটা ভাবিনি। দিনে প্রতিমণ আলুর দাম কম করে হলেও ৫০ টাকা বাড়ছে।’উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মুহাম্মদ আহসান শহীদ সরকার বলেন, ‘আলুর দাম আরও আগে বাড়লে উৎপাদক পর্যায়ের প্রান্তিক কৃষকেরা বেশি লাভবান হতেন; এখন কৃষকের ঘরে তেমন আলু নেই। হিমাগারে রাখা আলুর সিংহভাগই ব্যবসায়ীদের। ফলে দাম বাড়ায় বেশি লাভবান হবেন হিমাগারে আলু সংরক্ষণকারী ওই সব ব্যবসায়ী।’