লাভ বেশি, তাই তামাক চাষের ব্যাপক বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তামাক চাষের ভয়াবহ বিস্তার ঘটেছে। বিভিন্ন ফসলের তুলনায় তামাক চাষে লাভ বেশি হওয়ায় এবং তামাক কোম্পানিগুলো তামাকচাষিদের সময়মতো বীজ, সার, কীটনাশকসহ কৃষি উপকরণ সরবরাহ করায় চাষিরা তামাক চাষে ঝুঁকে পড়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রাঙ্গুনিয়ায় প্রতিবছর তামাক চাষের পরিমাণ বেড়েই চলেছে। গত দুই দশক ধরে রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক দাঙ্গারচর, পাইট্টালী বিল এবং রাজানগর, পারুয়া, পোমরা, বেতাগী, শিলক, সরফভাটা ও পদুয়া ইউনিয়নের বিভিন্ন বিলজুড়ে তামাক চাষ করে আসছেন কৃষকেরা। চলতি শুষ্ক মৌসুমেও এসব বিলে তামাক চাষ করা হচ্ছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার মোট আবাদযোগ্য ১৮ হাজার ৫০০ হেক্টর জমির মধ্যে নয় হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো চাষ, পাঁচ হাজার ৬০০ হেক্টর জমিতে সবজি চাষ এবং তিন হাজার ১০০ হেক্টর জমিতে তামাক চাষ করা হচ্ছে। উপজেলায় ২০০৯ সালে দুই হাজার ৭০০ হেক্টর, ২০০৮ সালে দুই হাজার ১০০ হেক্টর, ২০০৭ সালে এক হাজার ৭০০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল। উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মো. ইলিয়াছ জানান, রাঙ্গুনিয়ার প্রতিটি বিলের মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, দস্তা, সালফার, বোরন ও মলিবডেনাসের ঘাটতি রয়েছে। তার ওপর ব্যাপক হারে তামাক চাষ করায় মাটিতে নিউট্রিয়েন উপাদানের ক্রমেই ঘাটতি হচ্ছে। এ অবস্থায় কৃষি ও পরিবেশের জন্য যেকোনো সময় ভায়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। ঘাটচেক দাঙ্গারচরের তামাকচাষি আবদুল করিম জানান, তামাক চাষ তুলনামূলকভাবে লাভজনক হওয়ায় তিনি তামাক চাষ করছেন। গোয়ালন্দ (রাজবাড়ী): কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের হিসাব অনুযায়ী জেলায় ২০০৮-০৯ অর্থবছরে রাজবাড়ী সদর উপজেলায় ২০ হেক্টর, পাংশায় ৩৫ হেক্টর, বালিয়াকান্দিতে চার হেক্টর ও গোয়ালন্দে ৩৪ হেক্টরসহ জেলায় মোট ৯৩ হেক্টর জমিতে তামাকের আবাদ হয়। ২০০৯-১০ অর্থবছরে সদর উপজেলায় ৯৫ হেক্টর, পাংশায় ২৫০ হেক্টর, বালিয়াকান্দিতে ১২ হেক্টর ও গোয়ালন্দে ১৪৬ হেক্টরসহ জেলায় মোট ৫০৩ হেক্টর জমিতে তামাক চাষ হয়। গোয়ালন্দের উজানচর নতুনপাড়ার ইসমাইল সরদার (৫০) জানান, অন্যান্য ফসলের সঙ্গে এ বছর ১১ বিঘা জমিতে তামাক চাষ করেছেন। গত বছর চার বিঘা জমিতে তামাকের আবাদ করেছিলেন। তিনি আরও বলেন, ‘গত বছর প্রায় পাঁচ বিঘা জমিতে বেগুন, টমেটো ও মরিচ চাষ করেছিলাম, টমেটো ও বেগুনে লোকসান হয়েছিল। অন্যদিকে মাত্র তিন বিঘার তামাক থেকে দ্বিগুণ লাভ হওয়ায় এবং তামাক কোম্পানি বীজ, সারসহ অন্যান্য উপকরণ দেওয়ায় এ বছর বেগুন, টমেটো না লাগিয়ে তামাক চাষ করেছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী বিশ্বাস জানান, কৃষকেরা অধিক লাভবান হওয়ার আশায় ভবিষ্যতের কথা চিন্তা না করে তামাক আবাদ করছেন। তামাক কোম্পানিগুলো চাষিদের অগ্রিম বীজ, সার, কীটনাশক দেওয়ায় এবং তামাক বিক্রি করে লাভ বেশি পাওয়ায় তাদের তামাক চাষ থেকে ফেরানো যায়নি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের উপপরিচালক ফারুক আহম্মেদ বলেন, ‘চাষিদের তামাক চাষে নিরুত্সাহিত করতে উপজেলা কৃষি কর্মকর্তাদের বলা হয়েছে। এ ছাড়া সরকারিভাবে তামাক চাষে আমাদের নিষেধ করা হয়নি। তাই তামাক চাষ বন্ধের উদ্যোগ নিচ্ছি না।’