লাভ বেশি, ধানের বদলে আদায় ঝুঁকছেন চাষিরা
রংপুরের তারাগঞ্জ উপজেলার আদাচাষিদের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমের শুরুতে প্রতি কেজি আদা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকেরা জানান, এই দামে আদা বিক্রি করে তাঁরা ধানের চেয়ে আট থেকে নয় গুণ বেশি লাভের মুখ দেখছেন। গত সোমবার তারাগঞ্জ হাটে চাষিদের ৮০ টাকা কেজি দরে আদা বিক্রি করতে দেখা গেছে।
উপজেলার চিলাপাক গ্রামের কৃষক মমিনুল ইসলাম জানান, তিনি এবার এক লাখ টাকা খরচ করে দেড় একর জমিতে আদার চাষ করেন। আদা পেয়েছেন ৯০ মণ। প্রতি মণ চার হাজার টাকা করে ৯০ মণ আদা বিক্রি করেন তিন লাখ ৬০ হাজার টাকা। খরচ বাদে তাঁর লাভ হয়েছে দুই লাখ ৬০ হাজার টাকা।
মাটিয়ালপাড়া গ্রামের ধানচাষি আবদুল মান্নান জানান, তিনি গত মৌসুমে এক একর জমিতে ১৪ হাজার টাকা খরচ করে ধানের চাষ করেছিলেন। এতে খরচ বাদ দিয়ে ১৬ হাজার টাকা লাভ হয়েছে। এবার ধানের বদলে ওই এক একর জমিতে আদার চাষ করে লাভ করেন এক লাখ ৫০ হাজার টাকা।
বুড়িরহাট গ্রামের কৃষক মজিবার রহমান জানান, আগে তিনিও শুধু ধানের চাষ করতেন। কিন্তু গত বছর আদার চাষ করে ধানের চেয়ে আট-নয় গুণ বেশি লাভ হয়েছে তাঁর। এ কারণে এখন তিনি জমিতে শুধু আদার চাষ করছেন। এ বছর তিন একর জমিতে আদার চাষ করে তিনি লাভ করেছেন চার লাখ ৭৬ হাজার টাকা।
মেনানগর গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, আদাখেতে সাথি ফসল হিসেবে মরিচ, ভুট্টা, কচু, বেগুন, ঢ্যাঁড়স ও কলার চাষ করেও একরে দুই হাজার টাকা বাড়তি আয় করা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র জানান, এ বছর দুই হাজার ৩২ একর জমিতে আদার চাষ হয়েছে। লাভ বেশি হওয়া কৃষকেরা ধান চাষের বদলে আদা চাষে ঝুঁকছেন। এবার ফলন ভালো হওয়ায় এবং দামও বেশি পাওয়ায় আদাচাষির মুখে হাসি ফুটেছে।