লাভ ব্যবসায়ীদের, ক্ষতি রাস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি তুলে বিক্রি করা হচ্ছে। বালু ও মাটিবোঝাই যানবাহনগুলোর সহজে ওঠানামার স্বার্থে নদীর তীরের পাকা সড়কের পাশ কেটে ঢাল বানিয়ে নিয়েছেন চালকেরা। এতে ভারী যানবাহন সহজে ওঠানামা করতে পারলেও ভেঙে যাচ্ছে পাকা সড়কগুলো।
ঠাকুরগাঁও পৌর শহরের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে ছোট সেনুয়া নদী। গত সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, নদীর বিভিন্ন স্থান থেকে বালু তোলা হচ্ছে। তারপর সেই বালু ট্রাক্টর ও ট্রলি দিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। নদী থেকে সড়কে বালুবোঝাই ট্রাক্টর ও ট্রলিগুলোর ওঠানামার জন্য বেইলি সেতুর পাশের পাকা সড়ক কেটে ঢাল বানানো হয়েছে। এ ছাড়া রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে কাতিহারহাট সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া কুলিক নদ, বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গী এলাকায় তীরনই নদ, সদর উপজেলার আকচা কাজীপাড়ার টাঙ্গন নদ থেকে বালু তুলে পরিবহনের জন্য পাকা সড়কের পাড় থেকে নদী পর্যন্ত ঢাল বানিয়ে ট্রাক্টর ওঠানামার পথ বানানো হয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের উপজেলা পর্যায়ে এলজিইডির ৩৮১ কিলোমিটার, ইউনিয়ন পর্যায়ে ২১১ কিলোমিটার ও গ্রামীণ পর্যায়ে ‘এ’ ধরনের ১২৯ কিলোমিটার এবং ‘বি’ ধরনের ৫৪ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। কমবেশি সব সড়ক দিয়েই বালু ও মাটি পরিবহন করছেন এসব ব্যবসায়ী।
সরেজমিনে দেখা গেল, রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে কাতিহারহাট সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া কুলিক নদ থেকে বালু কাটছিলেন একদল শ্রমিক। তখন কথা হয় ট্রাক্টরচালক জয়ন্ত রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘খদ্দেরদের কাছে প্রতি ট্রাক্টর বালু ৭৫০-৮০০ টাকায় বিক্রি করা হয়। কোনো খদ্দের বালু কিনতে চাইলে আমরা নদী থেকে তুলে তাঁদের চাহিদামতো জায়গায় পৌঁছে দিই। এ জন্য নদীর পাড় থেকে পাকা রাস্তায় ওঠানামার জন্য আমরাই রাস্তা তৈরি করে নিই।’
নেকমরদ গ্রামের সুলতান আলী বলেন, বালু ও মাটি ব্যবসায়ীরা ট্রাক্টর-ট্রলি ওঠানামার জন্য সড়কের পাশের সাত থকে আট হাত কেটে ঢাল তৈরি করে নেন। সেই জায়গা দিয়ে বালু ও মাটিবোঝাই যানবাহন ওঠানামা করায় সড়ক বা রাস্তার ওই কাটা অংশ ধীরে ধীরে ধসে যায়। বালু-মাটির ব্যবসায়ীরা নিজের লাভের জন্য পাকা সড়কগুলোর ক্ষতি করে যাচ্ছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গী গ্রামের বাসিন্দা এনায়েত আলী বলেন, কুশলডাঙ্গী এলাকার তীরনই নদ থেকে প্রতিদিন কমপক্ষে ১০০ থেকে ১৫০টি ট্রাক্টরে করে অন্য স্থানে বালু নেওয়া হয়।
নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘নদী থেকে তোলা বালু সহজে পরিবহন করতে পাকা সড়কের যত্রতত্র কেটে ঢাল বানিয়ে নেয় যানবাহনের লোকজন। এতে পাকা সড়কের বিভিন্ন স্থান ভেঙে যাচ্ছে। তারপর একসময় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।’
বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, ‘সড়ক কাটা অপরাধ। তা ছাড়া গ্রামীণ সড়কগুলো তিন টন ওজনের বেশি ভারী যানবাহন চলাচলের উপযোগী না। সড়ক কাটা ও ভারী যানবাহন চলাচল করায় দ্রুত গ্রামীণ সড়কগুলো নষ্ট হচ্ছে।’
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান বলেন, পরবর্তী আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।