লাভ-লোকসান না দেখেই ভারতকে বিদ্যুৎ করিডর দেওয়া হচ্ছে: বিএনপি
লাভ-লোকসানের হিসাব না করেই সরকার ভারতকে বিদ্যুতের করিডর দেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় ভারতের সঙ্গে দর-কষাকষির কোনো যোগ্যতা এই সরকারের যে নেই, তা তাদের কর্মকাণ্ডেই প্রকাশ পাচ্ছে। তাঁর মতে, পারস্পরিক সমঝোতা ও অংশীদারত্বের ভিত্তিতে এ করিডর দেওয়া উচিত।
গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বিদ্যুৎ খাতে সহযোগিতাসংক্রান্ত ভারত-বাংলাদেশ যৌথ স্টিয়ারিং কমিটির সপ্তম বৈঠকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ নিতে গ্রিড লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়। এ প্রসঙ্গ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ওই বৈঠকের পর বাংলাদেশের বিদ্যুৎসচিবকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, দেশের মাটির ওপর দিয়ে ভারতে বিদ্যুৎ সঞ্চালন হলে বাংলাদেশের কী লাভ হবে। জবাবে বিদ্যুৎসচিব বলেছেন, লাভ-লোকসানের হিসাব কষা হয়নি।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা জানতে চাই, তাহলে সঞ্চালন দেওয়ার ক্ষেত্রে কিসের হিসাব করা হয়েছে। কিসের হিসাবে দেশ চলছে?’
বিএনপির এই নেতা অভিযোগ করেন, বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখতে দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি বলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জেলে পাঠানোর জন্য দ্রুত বিচার আইনের সময় পাঁচ বছর বাড়ানো হয়েছে। কারণ, কারও দুই বছরের বেশি সাজা হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে জাসাস কুমিল্লা জেলা (উত্তর) এ মানববন্ধনের আয়োজন করে।